২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভূমিকম্প মোকাবেলায় পূর্বপ্রস্তুতির ওপর গুরুত্ব আরোপ করেছেন খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী

খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ বলেছেন, বাংলাদেশে ভূমিকম্পের আশংকাকে উড়িয়ে দেওয়া যায় না। মৃদু ভূকম্পন মাঝে মাঝেই অনুভূত হচ্ছে। বড় ধরনের ভূমিকম্প মোকাবেলায় আমাদের পূর্বপ্রস্তুতিমূলক ব্যবস্থা এখনই গড়ে তুলতে হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2005, 03:57 PM

Updated : 26 Apr 2022, 06:21 PM

রাজধানী ঢাকার ত্রাণভবন মিলনায়তনে সোমবার ভূমিকম্প বিষয়ক দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী একথা বলেন।

তিনি বলেন, সম্প্রতি আফগানিস্তান, ভারত ও পাকিস্তানে ভূমিকম্পে ব্যাপক জানমালের ক্ষয়ক্ষতি হয়েছে। বাংলাদেশে এ ধরনের ভূকম্পন হলে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। ভূমিকম্পের বিপর্যয় রোধ ও ক্ষয়ক্ষতি কমাতে এখন থেকেই সতর্ক হতে হবে বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, স্বল্প ও দীর্ঘমেয়াদি জরুরি পদক্ষেপ হিসেবে সুনামিসহ যে কোন দুর্যোগ মোকাবেলায় করণীয় বিষয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা গড়ে তোলার কৌশল আমাদেরকে খুঁজে বের করতে হবে।

ভূমিকম্প পরবর্তী উদ্ধার কাজের জন্য আধুনিক যন্ত্রপাতি ক্রয় করার ব্যবস্থা হচ্ছে বলেও মন্ত্রী জানান।

দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরোর মহাপরিচালক রফিকুল মোহামেদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জামিলুর রেজা চৌধুরী। এ কর্মশালায় বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার উচ্চপদস্থ ৫০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।