ফরিদপুরে সাংবাদিকদের হত্যার হুমকি দিয়েছে জেএমবি
ফরিদপুরে সাংবাদিকদের হত্যার হুমকি দিয়েছে জেএমবি। স্থানীয় প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের নামে রোববার ডাকযোগে পাঠানো চিঠিতে সাংবাদিকদের উদ্দেশ্যে করে বলা হয়, জেএমবি দেশে আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য জেহাদ করেছে।
এ জিহাদের বিপক্ষে যারা কথা বলবেন, তাদের বোমা মেরে হত্যা করা হবে।
চিঠিটি বেলা পৌনে ১১টায় প্রেসক্লাবে পৌঁছে। এতে আরো উল্লেখ করা হয়, রাজনীতিক, সংবাদিক, সরকারি আমলা ও বুদ্ধিজীবী, যারা আল্লাহর আইন বাস্তবায়নের বিপক্ষে কথা বলছে, পরবর্তীতে তাদের হত্যা করা হবে।
জামা’আতুল মুজাহিদীন, বাংলাদেশ--এর পক্ষে হাতে লেখা এ চিঠিটিকে সাংবাদিকদের উদ্দেশে ‘এক জরুরি এলান’ হিসেবে উল্লেখ করা হয়।
চিঠিটি ফরিদপুর শহরের প্রধান ডাকঘর (নৈশ) থেকে ১ডিসেম্বর পোস্ট করা হয়েছে বলে খামের ওপরের সিলমোহর দেখে জানা যায়। প্রেরকের ঠিকানার জায়গায় ইংরেজিতে জামা’আতুল মুজাহিদীন, বাংলাদেশ লেখা রয়েছে।
এটি পাওয়ার পর ফরিদপুরে সাংবাদিকদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। চিঠির বিষয়টি পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে।
