গাজীপুরে আত্মঘাতি হামলাকারী রাজ্জাকের বাবা-মাসহ আটক ১০ জন রিমান্ডে
গাজীপুরে বোমা হামলাকারী জেএমবির আত্মঘাতী দলের সদস্য রাজ্জাকের আত্মীয় স্বজন ও স্থানীয় একজন মাদ্রাসা শিক্ষকসহ আটক ১০ জনকে পাঁচদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
গাজীপুরে বোমা হামলার পর হামলাকারী রাজ্জাকের পরিচয় পাওয়ার পর বৃহস্পতিবার দুপুরে পৌর এলাকার টিকরামপুরে অভিযান চালিয়ে তার বাবা-মা, চাচা-চাচী, মামী, দাদী, নানী এবং স্থানীয় মাদ্রাসা শিক্ষক আব্দুল ওহাবকে আটক করা হয়।
সদর থানা পুলিশ শুক্রবার প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের কাছে আটক ব্যক্তিদের বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানালে ম্যাজিস্ট্রেট তা মঞ্জুর করেন।
সদর থানার ওসি আবেদ আলী জানান, আটক ব্যক্তিদের কাছ থেকে গুরুত্বপূর্ণ কোনও তথ্য পাওয়া যায়নি।
