১৯ জানুয়ারি হুদা নেতৃত্বাধীন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নির্বাচন
যোগাযোগমন্ত্রী ব্যরিস্টার নাজমুল হুদার নেতৃত্বাধীন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের (বিজেএএফ) নির্বাহী কমিটির নির্বাচনের তারিখ ১৯ জানুয়ারি ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় হোটেল শেরাটনের উইন্টার গার্ডেনে এক সভায় এ ঘোষণা দেয়া হয়। যোগাযোগমন্ত্রী এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক ব্যরিস্টার নাজমুল হুদা সভায় সভাপতিত্ব করেন।
নির্বাচন পরিচালনার লক্ষ্যে অ্যাডভোকেট মাহবুবুর রহমান এমপিকে প্রধান করে পাঁচ সদস্য বিশিষ্ট একটি নির্বাচন কমিশনও গঠন করা হয়েছে। অপর চার কমিশনার হলেন- ব্যরিস্টার মোহাম্মদ আলী, অ্যডভোকেট আব্দুল ওয়াহাব, অ্যডভোকেট মোশাররফ হোসেন খান এবং অ্যডভোকেট এসএমএ মালেক।
সভায় ব্যরিস্টার নাজমুল হুদা বলেন, বোমাবাজির মাধ্যমে দেশের গণতন্ত্র, আইনের শাসন, স্বাধীনতা--সার্বভৌমত্ব এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে।
তিনি আরও বলেন, বোমাবাজদের রুখতে এবং আদালত প্রাঙ্গণে উত্তেজনা প্রতিহত করতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম প্রতিটি জেলায় দুর্বার প্রতিরোধ কর্মসূচি গ্রহণ করবে। এছাড়াও জাতির যে কোনও দুর্যোগে ফোরাম জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে সকল চক্রান্ত প্রতিরোধ করবে।
সভায় চট্টগ্রাম, গাজীপুর ও ঝালকাঠিতে বোমা হামলায় হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যডভোকেট জয়নুল আবেদীন, অ্যডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল এমপি, অ্যডভোকেট খোরশেদ আলম, ব্যরিস্টার মাহবুবউদ্দিন খোকন, অ্যডভোকেট তৈমুর আলম খন্দকার, অ্যডভোকেট হেলালুদ্দিন মোল্লা, অ্যডভোকেট গোলাম কিবরিয়া, অ্যডভোকেট গোলাম মোহাম্মদ চৌধুরী আলাল ও অ্যডভোকেট মহসিন মিয়া।
