ব্রিটিশ কাউন্সিলে কনসার্ট ৮ ডিসেম্বর
শীর্ষস্থানীয় বাংলাদেশী ব্যান্ড শিল্পী হাবিবকে নিয়ে ব্রিটিশ পররাষ্ট্র ও কমনওয়েলথ অফিস এবং ব্রিটিশ কাউন্সিল, বাংলাদেশ যৌথভাবে জলবায়ু পরিবর্তন ইস্যুতে মানুষের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ৮ ডিসেম্বর কনসার্টের আয়োজন করেছে।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জলবায়ু পরিবর্তন যুক্তরাজ্য সরকারের একটি গুরুত্বপূর্ণ ইস্যু। গ্ল্যানিগ্ল্যালস এ অনুষ্ঠিত জি-৮ সম্মেলনে সকল সদস্য দেশ এবং ব্রাজিল, চীন ও ভারতের বিজ্ঞান একাডেমির যৌথ বিবৃতিতে বলা হয়, জলবায়ু পরিবর্তন ক্ষেত্রে প্রয়োজন বিজ্ঞান সম্মত ইস্যু।
পররাষ্ট্র ও কমনওয়েলথ অফিসের অর্থায়নে ব্রিটিশ দূতাবাস এবং ব্রিটিশ কাউন্সিল জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বেশ কিছু কর্মসূচির আয়োজন করবে। এই কর্মসূচির অংশ হিসেবেই কনসার্টের এই আয়োজন।
ব্রিটিশ কাউন্সিলে সন্ধ্যা ৬ টায় দেড় ঘন্টার এই কনসার্ট আয়োজন করা হবে। নিরাপত্তা ও অন্যান্য আনুষ্ঠানিকতার জন্যে বিকাল সাড়ে চারটায় গেট খুলে দেয়া হবে এবং বিকাল সাড়ে পাঁচটায় বন্ধ করে দেয়া হবে। ডিসেম্বরের তিন তারিখ থেকে ব্রিটিশ কাউন্সিলে কনসার্টের টিকিট পাওয়া যাবে। টিকিটের দাম ধরা হয়েছে ৯০ টাকা।
