গাজীপুরে আবার সুইসাইড বোমা হামলা: নিহত ১, আহত ২০
গাজীপুর আদালতে মঙ্গলবারের ভয়াবহ সুইসাইড হামলার রেশ কাটতে না কাটতেই এবার উগ্র জেহাদীরা হামলা চালালো গাজীপুর ডিসি অফিসের সামনে।
নৃশংস এই সুইসাইড হামলায় কমপক্ষে একজন নিহত এবং পুলিশ, সাংবাদিক ও অ্যাডভোকেটসহ ২০ জন গুরুতর আহত হয়েছে বলে গাজীপুর পুলিশ জানিয়েছে।
এ হামলা এমন সময় চালানো হলো, যখন দেশব্যাপী জেএমবি’র নৃশংস বোমাবাজি, হত্যাকাণ্ড এবং বিচার ব্যবস্থার ওপর হামলার প্রতিবাদে পালিত হচ্ছে সকাল--সন্ধ্যা হরতাল।
আহতদের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে পুলিশ, গাজিপুর সদর হাসপাতাল এবং ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল (ডিএমসিএইচ) কর্তৃপক্ষ।
গাজীপুর পুলিশ জানায়, গুরুতর আহত অবস্থায় জেএমবি’র সুইসাইড দলের এক সদস্যকে তারা আটক করেছে। তাকে কড়া পাহারায় গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার নাম আবদুর রাজ্জাক (২০)। গ্রামের বাড়ি চাপাইনবাবগঞ্জে। বোমা হামলায় তার দুই পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।
বোমায় আহত ১৬ জনকে ঢাকায় পাঠানো হয়েছে। এদের মধ্যে অ্যাডভোকেট শওকতের অবস্থা অবনতির দিকে বলে জানা গেছে।
গাজীপুর পুলিশ জানায়, সকাল আনুমানিক ১১টা ৪০--এর দিকে হরতালের সমর্থনে গাজীপুর আইনজীবী সমিতির একটি মিছিল ডিসি অফিসের সামনে যায়। এসময় শত শত স্থানীয় লোকও উপস্থিত ছিল। সংবাদ সংগ্রহের জন্যে উপস্থিত ছিল স্থানীয় অনেক সাংবাদিকও। এসময় আর্মড পুলিশ ব্যাটেলিয়নের (এপিবিএন) সদস্যদের সন্দেহ হওয়ায় একজনের দেহ তল্লাশি করার সময় বিকট শব্দে বোমাটি বিস্ফোরিত হয়।
পুলিশের ধারণা, দেহ তল্লাশির জন্যে তাকে চ্যালেঞ্জ করা মাত্রই জেএমবি’র সুইসাইড স্কোয়াডের ওই সদস্য তার দেহে সংযোজিত টাইম বোমাটি সক্রিয় করে দেয়। ফলে একদিনের ব্যবধানে আবারও প্রকম্পিত হয় গাজীপুর।
বোমা বিস্ফোরণে আহত সাংবাদিকরা হলেন-- নিউ নেশন এবং বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) স্থানীয় প্রতিনিধি যথাক্রমে নজরুল ইসলাম ও বেলাল হোসেন এবং স্থানীয় আজকের জনতা প্রত্রিকার বার্তা সম্পাদক আমিনুল ইসলাম।
এপিবিএন এর আহত সদস্যরা হলেন-- সাব ইন্সপেক্টর জাহাঙ্গীর, কনস্টেবল আকতারুজ্জামান, কনস্টেবল জাহেদূল এবং নায়েক বালু রহমান।
আহত অ্যাডভোকেটরা হলেন-- রাসেল, জয়নাল আবেদীন, আবুল কালাম, দেওয়ান আবুল কালাম, শওকত এবং নাদিরা বেগম।
এছাড়া পথচারি রেজাউল ইসলাম, ইসমাইল, মান্নান, নজরুল ইসলাম মোল্লা, রুহুল আমিন, স্বাধীন, আমিনুল ইসলাম, হাবিবুল্লাহ, আবুল কালাম, রিকশা চালক নাজিমুদ্দিন এবং ডিসি অফিসের তিন জন কর্মচারি-- রিপন, আল আমীন এবং দুদু মিয়াও ঘটনায় আহত হন।
আহতদের মধ্যে তিনজন পুলিশসহ ১৬ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, একজনকে পঙ্গু হাসপাতাল এবং একজনকে চক্ষু হাসপাতালে পাঠানো হয়েছে।
মঙ্গলবার গাজীপুর জজকোর্ট লাইব্রেরিতে ভয়ঙ্করতম সুইসাইড হামলায় কমপক্ষে আটজন নিহত এবং ৪১ জন আহত হয়। ওই হামলায় সুইসাইড স্কোয়াডের এক তরুণ সদস্যও নিহত হয়। আহত হয় একই স্কোয়াডের সন্দেহভাজন অপর সদস্য মাহবুব।
একই দিন উগ্র জেহাদীরা চট্টগ্রামেও একই ধরণের হামলায় চালায়। ওই হামলায় এক পুলিশ সদস্য ঘটনাস্থলে নিহত হয়। সুইসাইড দলের আহত এক সদস্য পরে হাসপাতালে মারা যায়।
আলামত সংগ্রহ
ঘটনার পর র্যাব, পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বোমা বিস্ফোরণের আলামত সংগ্রহ করেন। তারা বিস্ফোরণস্থল থেকে বোমায় ব্যবহৃত ৯৯টি লোহার তৈরি মাছ ধরা জালের গুটি, বিয়ারিং বল, পাঁচটি পেন্সিল ব্যাটারি, খণ্ড খণ্ড বৈদ্যুতিক তার এবং অন্যান্য উপকরণ আলামত হিসেবে সংগ্রহ করেন। এছাড়া ফরেনসিক পরীক্ষার জন্যে রক্তও সংগ্রহ করেন আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা।
