কমরেড মনি সিংয়ের ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতা কমরেড মনি সিংয়ের ১৫তম মৃত্যুবার্ষিকী শনিবার পালিত হয়েছে। এ উপলক্ষ্যে প্রয়াত নেতার জন্মস্থান নেত্রকোণার দূর্গাপুর ও রাজধানীসহ সারাদেশে বিস্তারিত কর্মসূচি হাতে নেয়া হয়।
এ উপলক্ষে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি এবং এর অঙ্গ সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচি পালন করে। দূর্গাপুরে শনিবার থেকে শুরু হয়েছে মনি মেলা। কমরেড মনি সিংয়ের নামে প্রতিবছর পাঁচদিন ব্যাপী এ মেলার আয়োজন করা হয়।
দিনটি পালন উপলক্ষে কমরেড নি সিংয়ের একমাত্র ছেলে চক্ষু বিশেষজ্ঞ ডা. দিবালোক সিং ৩১ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত মেলা প্রাঙ্গনে বিনামূল্যে চক্ষু শিবির পরিচালনা করবেন।
দূর্গাপুরে মনি মেলার উদ্বোধন করে সিপিবি’র সভাপতি মঞ্জুরুল আহসান খান। তিনি সাম্প্রদায়িক রাজনীতি এবং জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলা এবং মুক্তিযুদ্ধ বিরোধীদের সামাজিকভাবে বয়কট করতে সকলের প্রতি আহ্বান জানান।
প্রবীণ বাম নেতা দূর্গা প্রসাদ তেওয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে সিপিবি ও কয়েকটি বাম সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
রাজধানীতে কমরেড মনি সিংয়ের মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে দলের কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা জোট সরকারের দুঃশাসন অবসানে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
বক্তারা প্রয়াত এই মাকর্সবাদী নেতার নামে পল্টন এলাকার রাস্তার নামকরণ এবং স্কুলের পাঠ্যপুস্তকে তার জীবনী অর্ন্তভুক্ত করার দাবি জানান।
সিপিবি ঢাকা মহানগরীর সভাপতি মাহবুব আলমের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন সিপিবির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহ আলম, শহিদুল্লাহ চৌধুরী, মোরশেদ আলী, অ্যাডভোকেট এম এ কুদ্দুস এবং রুহিন হোসেন প্রিন্স।
