২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিক্ষিপ্ত অবস্থানে থেকে সতর্কতার সাথে দায়িত্ব পালনে পুলিশ সদস্যদের নির্দেশ

পুলিশ ও নিরাপত্তাবাহিনীর সদস্যরাও যাতে আত্মঘাতি বোমা হামলাকারীদের লক্ষ্যবস্তুতে পরিণত না হয় সেলক্ষ্যে তাদেরকে একস্থানে জড়ো হয়ে না থেকে বিক্ষিপ্তভাবে অবস্থান নিয়ে সতর্কতার সাথে দ্বায়িত্ব পালনের নির্দেশ দিয়েছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2005, 07:36 PM

Updated : 26 Apr 2022, 06:20 PM

এছাড়া, মঙ্গলবার গাজীপুর ও চট্টগ্রামে আত্মঘাতি বোমা হামলায় ১০ জন নিহত হওয়ারর ঘটনার তদন্তের দায়িত্ব পুলিশের ক্রিমিনাল ইনভেসটিগেশন ডিপার্টমেন্টকে (সিআইডি) দেয়া হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী, ক্ষমতাসীন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আবদুল মান্নান ভূঁইয়া বুধবার আইনশৃংখলা রক্ষার দায়িত্বে নিয়োজিত বিভিন্ন বাহিনীর কর্মকর্তাদেও সাথে এক জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, আত্মঘাতি বোমা হামলা ঠেকাতে এবং বোমা হামলাকারি, তাদের পৃষ্ঠপোষক ও অনুসারিদের গ্রেপ্তার করতে কিছু বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে।

তিনি জানান, বিশেষ পদক্ষেপ সম্পর্কে আইনশৃংখলা বাহিনীকে অবহিত করা হয়েছে। তবে কি ধরণের পদক্ষেপ নেওয়া হয়েছে তা সাংবাদিকদের জানাতে তিনি অস্বীকৃতি জানান।

বৈঠকে পুলিশের আইজি আবদুল কাইয়ুম ও র‌্যাবের মহাপরিচালক আবদুল আজিজ সরকারসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন।

পুলিশের আইজি আবদুল কাইয়ুম জানান, গাজীপুর ও চট্টগ্রামে আত্মঘাতি বোমা হামলার সাথে জড়িত থাকার সন্দেহে এযাবত জঙ্গী সংগঠন জামা’আতুল মুজাহিদীনের ৫০ জন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। জঙ্গিদের শীর্ষ নেতাদের গ্রেপ্তার করতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, পুলিশ সদস্যদের বুলেটগ্র“ফ জ্যাকেট ও অত্যাধুনিক অস্ত্র দেওয়া হবে। এছাড়া আত্মঘাতি বোমাবাজদের কিভাবে দমন করতে হবে তা পুলিশ সদস্যদের অবহিত করা হয়েছে।

পুলিশের আইজি এক প্রশ্নের জবাবে জানান, জঙ্গি ও আত্মঘাতি হামলা সম্পর্কে পুলিশ সদস্যরা ভীত নয়। সিরাজ সিকদার (পূর্ব বাংলার সর্বহারা পর্টির আলোচিত নেতা) এবং গণবাহিনীকে (জাসদের সশস্ত্র সংগঠন) প্রতিহত করার অভিজ্ঞতা পুলিশের রয়েছে।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ পর্যন্ত জঙ্গি সন্দেহে ৫০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ১৭ আগস্টের বোমা হামলায় জড়িত থাকার অভিযোগে কমপক্ষে ৭০ জনের নামে চার্জশিট দেওয়া হয়েছে।

রুদ্ধদ্বার এ বৈঠকে পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা জঙ্গি তৎপরতা দমনে পরবর্তী পদক্ষেপ ও জঙ্গিদের হামলার ধরণ সম্পর্কে জানতে চান।