বোমা, মৃত্যু: বাবা হারানো শিশুর সরল প্রশ্নে নির্বাক বড়রা
গাজীপুরের কাপাসিয়া উপজেলার নিরিবিলি ছোট্ট গ্রাম কড়িহাতা। ওই গ্রামে এখন শুধুই শোকের মাতম। ধর্মান্ধ ইসলামী জেহাদীদের বোমার আঘাতে প্রাণ হারিয়েছে সেই গ্রামের প্রিয় ছেলে অ্যাডভোকেট ফারুক।
স্ত্রী, বৃদ্ধা মা আর দুই শিশু সন্তান। এই নিয়ে ছিল অ্যাডভোকেট ফারুকের সুখের সংসার। বুধবার দুপুরে সেই গ্রামে গিয়ে দেখা যায়, গ্রাম জুড়ে নেমে এসেছে বিষাদের ছায়া। পুরো গ্রাম যেন শোকে স্তব্ধ।
ঢাকা থেকে ৬০ কিলোমিটার দূরে কাপাসিয়া। সেখান থেকে শীতলক্ষ্যার পাড় ধরে আরও প্রায় ৮/১০ কিলোমিটার দূরে কড়িহাতা গ্রাম।
প্রতি রোববার গ্রামের বাড়ি থেকে গাজীপুর কোর্টে প্র্যাকটিস করতে যেতেন অ্যাডভোকেট ফারুক। দু’দিন সাপ্তাহিক ছুটি হওয়ায় ফিরতেন বৃহস্পতিবার। কিন্তু একদিন আগেই গত বুধবার নিজ বাড়িতে প্রিয়জনের মাঝে ফিরলেন। তবে সেই হাসিখুশি মানুষটি নয়, ঝলসানো লাশ হয়ে।
ফারুকের বিছানায় শুয়ে ডুকরে কাঁদছেন নব্বই বছরের বৃদ্ধা মা রেজিয়া বেগম এবং স্ত্রী আকলিমা বেগম লিপি।
কান্নাজড়িত কণ্ঠে লিপি বলল, গত রোববার তার স্বামী বাড়ি থেকে গাজীপুর শহরে যান। কথা ছিল, বৃহস্পতিবার বিকেলে প্রতি সপ্তাহের মতো বাড়ি আসবেন। লিপি বলেন, আমি এখন কি নিয়ে বাচবো? আমার সন্তানদেরই বা কী হবে?
লিপি জানান, ১ ডিসেম্বর তাদের বিবাহ বার্ষিকী। ফারুক তাকে বলে গিয়েছিলেন, প্রতি বছরের মত এবারও তিনি ঘরোয়া পরিবেশে বিবাহ বার্ষিকী উদযাপন করবেন। ঘাতকের বোমা তার সব স্বপ্ন ভেঙে দিয়েছে। তছছন করে দিয়েছে সাত বছরের সাজানো গোছানো সংসার।
কাপাসিয়া সিংগুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা লিপি। বিয়ের পর স্বামী--স্ত্রী দু’বছরের জন্যে একত্রে গাজীপুর ছিলেন। কিন্তু বৃদ্ধা মায়ের সেবাযতœ আর স্ত্রীর স্কুলের কথা ভেবে ফারুক লিপিকে আবার গ্রামে পাঠিয়ে দেন।
মঙ্গলবার দুপুরে যখন তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্বামীকে দেখতে যান তখনও তার অগাধ বিশ্বাস ছিল, স্বামী বেঁচে যাবেন। ফিরে আসবেন তাদের কাছে।
‘আমাকে এখানে নিয়ে আসলে কেনো? আমার আব্বু এখানে আসবে কেন? আব্বুতো বৃহস্পতিবার আমার জন্যে চটলেট নিয়ে বাড়ি আসবেন!’
গত মঙ্গলবার যখন মারাত্মক আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়, তখন অপারেশন থিয়েটারের সামনে তার শিশু পুত্র ছয় বছরের রাফি’র এমন অনেক প্রশ্নবানে জর্জরিত হয়েছিলেন মা, চাচা, খালাসহ অনেকে। তারা কোনও জবাবই দিতে পারেননি।
বুধবার যখন রাফি’র সঙ্গে কথা হয়, তখনও সে বলছিল, বৃহস্পতিবার তার আব্বু মজার মজার সব চকলেট নিয়ে বাড়ি আসবেন। তাকে আর ছোট বোন ফারিনকে অনেক অনেক আদর করবেন। রাফি তখনও জানে না, তার আব্বু আর আসবেন না। চলে গেছেন না ফেরার দেশে।
বুধবার কড়িহাতা গ্রামের শত শত মানুষ ভিড় জমায় তাদের প্রিয় মানুষটিকে শেষ বিদায় জানাতে।
মঙ্গলবার সকালে গাজীপুর আদালত ভবনের আইনজীবীদের কক্ষে পেশাগত কাজে ব্যস্ত ছিলেন তরুণ আইনজীবী গোলাম ফারুক। তখনই ঘাতকের বোমার আঘাতে তিনিসহ ৪১ জন মারাত্মক আহত হন। আর ঘটনাস্থলে সুইসাইড বোমাবাজসহ মারা যায় তিনজন। আর হাসপাতালে প্রাণ হারায় আরও পাঁচজন।
