বেনাপোল স্থলবন্দরে অগ্নিকাণ্ডে ১০০ কোটি টাকার ক্ষয়ক্ষতি
যশোরের বেনাপোল স্থলবন্দরের ১০ নম্বর শেডে বুধবার দুপুরে আগুন লেগে গুদামে রক্ষিত প্রায় ১০০ কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা দেড়টার দিকে আগুন লাগার পর যশোর ও বেনাপোল ফায়ার স্টেশনের পাঁচটি ইউনিট প্রায় দু’ঘন্টা চেষ্টা চালিয়ে বিকেল সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
আমদানি সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, প্রায় পাঁচশ মেট্রিক টন পণ্য ধারণ ক্ষমতা সম্পন্ন ১০ (এ) নম্বর শেডে এসময় প্রায় ১০ কোটি টাকা মূল্যের বৈদ্যুতিক মিটার, এক হাজার ৩৫০ বেল উন্নত মানের তুলা এবং বিভিন্ন গার্মেন্টস সামগ্রী রক্ষিত ছিল।
সূত্র জানায়, পল্লী বিদ্যুতের গ্রাহকদের জন্যে এ মিটারগুলো আমদানি করা হয়েছিল। গার্মেন্টস সামগ্রীর মধ্যে ছিল বিভিন্ন প্রকার রঙ, রাসয়নিক দ্রব্য ও জিন্সের কাপড়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আগুনের লেলিহান শিখায় রক্ষিত ওইসব মালামাল পুরোপুরি ভস্মিভূত হয়ে গেছে। ধরণা করা হচ্ছে, এসব মালামালের মূল্য প্রায় ১০০ কোটি টাকা।
তবে ক্ষয়ক্ষতির ব্যাপারে বন্দর পরিচালক (ট্রাফিক) সাইদুল হক বিডিনিউজকে বলেন, তদন্তের পূর্বে ক্ষয়ক্ষতির হিসাব নির্ধারণ করা সম্ভব নয়।
বন্দর কর্তৃপক্ষ বলছে, ১০ নম্বর শেডে ওয়েল্ডিংয়ের কাজ করার সময় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
এদিকে সিএন্ডএফ ব্যবসায়ীরা অভিযোগ করেন, বন্দরের এক শ্রেণীর দুর্নীতিপরায়ন কর্মকর্তার যোগসাজশে শেড থেকে প্রতিনিয়ত মালামাল চুরি হচ্ছে। তাদের দুর্নীতি ঢাকতে পরিকল্পিতভাবে এ আগুন লাগানো হতে পারে।
স্থানীয়দের কেউ কেউ দাবি করছেন, সোমবার ভোরে বেনাপোল থেকে ঢাকাগামী একটি ট্রাক থেকে দুর্বৃত্তরা এক ট্রাক তুলা লুট করে। এদের মধ্যে নয়জনকে পুলিশ আটক করে। এ দুর্বৃত্তদের কেউ আগুন লাগিয়ে থাকতে পারে।
