চট্টগ্রামে টহল পুলিশের জন্যে বুলেট প্র“ফ জ্যাকেট বাধ্যতামূলক করা হয়েছে
আত্মঘাতী হামলাকারীদের হাত থেকে রক্ষায় চট্টগ্রামের টহল পুলিশের জন্য বুলেট প্র“ফ জ্যাকেট বাধ্যতামূলক করা হয়েছে। সেই সাথে টহল পুলিশ ও চেকপোস্টের পুলিশদের ওয়ান বাই ওয়ান স্টেপে নির্দিষ্ট দূরত্বে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার মাজেদুল হক বিডিনিউজকে জানিয়েছেন, আত্মঘাতী হামলা বন্ধ করা যাবে না। কিন্তু হামলায় ক্ষয়ক্ষতি যাতে কম হয়, সেজন্যে কিছু কৌশলের আশ্রয় নেয়া হয়েছে।
তিনি বলেন, দেশে আত্মঘাতী হামলা নতুন একটি বিষয়। এ থেকে রক্ষা পাওয়ার কোনও কৌশল আমাদের জানা নেই। তবে এসব হামলায় ক্ষয়ক্ষতি যত কম রাখা যায়, সে চেষ্টা করা হচ্ছে।
আত্মঘাতী হামলা থেকে রক্ষা ও ক্ষয়ক্ষতি কম রাখার কৌশল সম্পর্কে মঙ্গল ও বুধবার বিকেলে সিএমপি সদর দপ্তরে পুলিশ সদস্যদের দু’দফা ব্রিফিং দেওয়া হয়েছে।
পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক আনোয়ারুল ইকবালের উপস্থিতিতে ব্রিফিং--এ পুলিশ সদস্যদের উদ্দেশে বলা হয়েছে, জনগণের নিরাপত্তা দেওয়া পুলিশের দায়িত্ব। কোনও অজুহাতে এ দায়িত্বে অবহেলা করা চলবেনা।
তবে বর্তমান প্রেক্ষাপটের আলোকে পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে আরো কৌশল ও বুদ্ধিমত্তার পরিচয় দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
নতুন কৌশলের মধ্যে দায়িত্ব পালনকালে বিশেষ করে চেকপোস্টে নিয়োজিত ও টহল পুলিশদের বুলেট প্র“ফ জ্যাকেট, হেলমেট ও পায়ে গার্ড পরা বাধ্যতামূলক করা হয়েছে।
এছাড়া দায়িত্বরত পুলিশ সদস্যদের একজন থেকে আরেকজনের মধ্যে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখতে বলা হয়েছে।
