২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক সরকার ছাড়া শান্তিচুক্তি বাস্তবায়িত হবে না: সন্তু লারমা

পার্বত্য আঞ্চরিক পরিষদ চেয়ারম্যান ও জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা বলেছেন, অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক সরকার ছাড়া পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়িত হবে না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2005, 05:19 PM

Updated : 26 Apr 2022, 06:20 PM

তিনি বলেন, বিগত আওয়ামী লীগ সরকার শান্তিচুক্তি করেও তা বাস্তবায়ন করেনি। আর বর্তমান জোট সরকার চুক্তিবিরোধী কাজ করেই চলেছে। আমরা মনে করি, এ সরকার আর চুক্তি বাস্তবায়ন করবে না।

জাতীয় প্রেসক্লাবে বুধবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। শান্তিচুক্তির অষ্টম বর্ষপূর্তি উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। অন্যান্যের মধ্যে এতে উপস্থিত ছিলেন, জনসংহতি সমিতির সাধারণ সম্পাদক লক্ষ্মীপ্রসাদ চাকমা, সমিতির তথ্য ও প্রচার সম্পাদক মঙ্গল কুমার চাকমা, আদিবাসী ফোরাম নেতা জুহিনল খাসিয়া, এন্ড্রু সলেমার, হিল ইউমেন্স ফেডারেশন সভানেত্রী চৈতালি ত্রিপুরা।

১৯৯৭ সালের ২ ডিসেম্বর ঐতিহাসিক শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়।

সাবেক গেরিলা নেতা সন্তু লারমা বলেন, শান্তিুচুক্তি বাস্তবায়িত না হওয়ার সুযোগে সেনাশাসনের ভেতরে পাহাড়ে ইসলামী জঙ্গি সংগঠনগুলো ঘাঁটি গড়ে তুলেছে। মায়ানমারের মুসলিম জঙ্গিদের সঙ্গে এদের যোগসাজস রয়েছে। এসব বিচ্ছিন্নবাদিরা বাংলাদেশের জঙ্গিদের অস্ত্র সরবরাহ ও প্রশিক্ষণ দিচ্ছে। এ পরিস্থিতি সারা দেশের জন্যেই চরম হুমকি।

তিনি বলেন, জোট সরকারের আমলে পাহাড়ি আদিবাসীদের অধিকারবিরোধী নানা মহল অত্যন্ত তৎপর। পাহাড়ে বহিরাগত বাঙালি সেটলার অনুপ্রবেশ ও আদিবাসী পাহাড়িদের ভূমি জবরদখল, ভোটের স্বার্থে পাহাড়ে সেটলারদের সংখ্যা বৃদ্ধি করে জনসংখ্যার ভারসাম্য নষ্ট করা, পাহাড়ি--বাঙালিদের মধ্যে বৈষম্য সৃষ্টি, সেনাবাহিনীর বিভিন্ন ক্যাম্পের জন্যে বেআইনী জমি দখল এরই অংশ।

তিনি আরো বলেন, সেনাবাহিনী শান্তিুচুক্তিকে বানচাল করার অপচেষ্টা হিসেবে পাহাড়ে সাম্প্রদায়িক ও বিভেদের রাজনীতিকে মদদ দিচ্ছে। সেনা মদদে সেটলার সংগঠন সমঅধিকার আন্দোলন ও সন্ত্রাসী গ্র“প ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) চুক্তিবিরোধী কার্যকলাপ চালাচ্ছে। তারা জনসংহতি সমিতিকে ধ্বংস করার ঘৃণ্য রাজনীতি চালাচ্ছে।

সন্তু লারমা পার্বত্য সমস্যা সমাধানে ছয় দফা দাবিনামা পেশ করেন। এগুলো হচ্ছে, শান্তিচুক্তির যথাযথ বাস্তবায়ন, চুক্তি অনুযায়ী পাহাড়ের স্থায়ী বাসিন্দাদের নিয়ে পৃথক ভোটার তালিকায় জাতীয় ও স্থানীয় নির্বাচন অনুষ্ঠান, অবিলম্বে ‘অপারেশন উত্তরণের’ নামে সেনাশাসন ও অস্থায়ী সেনা ছাউনি প্রত্যাহার, পার্বত্য ভূমি কমিশন কার্যকর, আঞ্চলিক পরিষদ ও জেলা পরিষদ আইন কার্যকর এবং ভারতপ্রত্যাগত পাহাড়ি শরণার্থী ও অভ্যন্তরীণ শরনার্থী পুনর্বাসন করা।