২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রী বৃহস্পতিবার গড়াই সেতু উদ্বোধন করতে কুষ্টিয়া আসছেন

কুষ্টিয়া--রাজবাড়ীসহ দেশের পশ্চিমাঞ্চলের চার জেলার কোটি মানুষের দীর্ঘদিনের স্বপ্নের গড়াই সেতু ও ২৫০ শয্যার হাসপাতাল উদ্বোধন করতে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বৃহস্পতিবার কুষ্টিয়া আসছেন।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2005, 01:29 PM

Updated : 26 Apr 2022, 06:20 PM

সূত্র জানায়, আট বছর আগে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ১৯৯৭ সালে কুষ্টিয়া--রাজবাড়ী সড়কের গড়াই নদীর উপর কুষ্টিয়া সড়ক ও জনপথ বিভাগ ২৪ কোটি ৪০ লাখ ৫১ হাজার টাকা ব্যয়ে গড়াই সেতু নির্মাণ কাজ শুরু করে। ৩৬ মাসের মধ্যে সেতু নির্মাণ কাজ শেষ হওয়ার কথা থাকলেও সময় লেগে যায় দীর্ঘ প্রায় আট বছর।

কুষ্টিয়া অঞ্চলের মানুষের স্বপ্নের এ সেতু চালু হলে কুষ্টিয়া-রাজবাড়ী ও ঢাকার সাথে দক্ষিণাঞ্চলের মানুষের সরাসরি সড়ক যোগাযোগের এক নতুন দ্বার উন্মোচিত হবে। সেই সাথে এ সেতু চালু হলে কুষ্টিয়া জেলার সাথে রাজধানী ঢাকার দূরত্ব অনেক কমে আসবে।

এদিকে দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ২৫০ শয্যার কুষ্টিয়া জেনারেল হাসপাতালের নির্মাণ কাজও শেষ হয়েছে। প্রায় ৪৫ বছর আগে ৫০ শয্যার এই হাসপাতাল যাত্রা শুরু করে। স্বাধীনতার পর এটাকে ১০০ শয্যায় উন্নীত করা হয়। এরপর থেকে কুষ্টিয়াসহ বৃহত্তর এ অঞ্চলের মানুষের দাবি ছিল কুষ্টিয়া জেনারেল হাসপাতালকে ২৫০ শয্যায় রূপান্তর করার।

বিশ্ব ব্যাংকের অর্থায়নে সরকারের স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা সেক্টর কর্মসূচির আওতায়  গণপূর্ত অধিদপ্তরের ব্যবস্থাপনায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালের বর্ধিত এ ভবনের নির্মাণ কাজ শেষ হয়েছে। ২০০২ সালের ২৪ জুন প্রায় ১৩ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে এ কাজ শুরু হয়।

২৫০ শয্যা বিশিষ্ট এ হাসপাতালের কার্যক্রম শুরু হলে  শুধু কুষ্টিয়া নয় মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহসহ আশেপাশের কয়েক জেলার মানুষের উন্নত চিকিৎসার সুযোগ সৃষ্টি হবে।