২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম ও গাজীপুরে আত্মঘাতী বোমা হামলায় নিহত ১০, আহত শতাধিক

নিষিদ্ধ ঘোষিত ইসলামী জঙ্গি সংগঠন জেএমবি’র আত্মঘাতী বোমা হামলায় মঙ্গলবার গাজীপুর ও চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে আইনজীবী ও পুলিশসহ কমপক্ষে দশজন নিহত ও শতাধিক আহত হয়েছে।

আবু সুফিয়ান

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2005, 03:30 AM

Updated : 26 Apr 2022, 06:20 PM

আত্মঘাতি হামলায় সর্বাধিক প্রাণ কেড়ে নেয়ার কারণে এ পর্যন্ত জেএমবি’র হামলাগুলোর মধ্যে এটিই সবচে নৃশংস।

হামলার পর সুপ্রিম কোর্টসহ সারা দেশের আইনজীবীরা আদালত বর্জন করেছেন।

সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন এ হামলাকে নৃশংস উল্লেখ করে বৃহস্পতিবার দেশব্যাপী সকাল--সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে। 

বিরোধী দলীয় নেত্রীসহ শীর্ষ রাজনৈতিক ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন।

চট্টগ্রাম ও গাজীপুরে নতুন করে এই বোমা হামলার ফলে বিচারক, আইনজীবীসহ আদালত সংশি¬ষ্টদের মধ্যে ব্যাপক ভীতির সঞ্চার হয়েছে।

হামলার খবর ছড়িয়ে পড়লে সারা দেশের আদালতগুলো ফাঁকা হয়ে যায়। বোমা হামলায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃিতক সংগঠন নিন্দা জানিয়েছে। হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে আইনজীবীরা রাজপথে নেমে এসে মিছিল সমাবেশ করেছে।

গাজীপুর বার লাইব্রেরিতে সকাল ৯টা ৪৫ মিনিটে জামা’আতুল মুজাহিদীনের (জেএমবি) সুইসাইড স্কোয়াডের এক সদস্য জজ কোর্টের হল রুম-২ এ বোমা হামলা চালায়। হামলায় সে নিজেকেও উড়িয়ে দেয়। ঘটনাস্থলেই নিহত হয় তিনজন।

ঘটনাস্থলে নিহতরা হল- গাছা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য বশির উদ্দিন (৫৫), সাবেক ওয়ারেন্ট অফিসার এসএম রব ও হামলাকারী নিজে।

এরপর গাজীপুর বার অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমজাদ হোসেন (৫০), অ্যাডভোকেট আনোয়ারুল আজিম ও হালিমা খাতুন (৩৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

পরে রাত ১১ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আরও দুই জন মারা যান। এদের মধ্যে একজন   অ্যাডভোকেট গোলাম ফারুক এবং অপর জনের পরিচয় এখনও জানা যায়নি। 

সকাল পৌণে ১০ টায় বিকট শব্দে বোমাটি বিস্ফোরিত হয়। ঘটনাস্থলেই হামলাকারীসহ তিন জন নিহত হয়। 

এ হামলায় হামলাকারীসহ ছয় জন নিহত হয়। বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে, এর ফলে ভবনটির দরজা জ্বানালা এমনকি সিলিং ফ্যান পর্যন্ত উড়ে যায়।

প্রত্যক্ষ্যদর্শীরা জানান, বিস্ফোরণস্থল থেকে ৫০০ গজ দুরের একটি দরজাও খুলে পড়ে গেছে।

হামলাকারী কালো অ্যপ্রোন পরে হামলা চালায়:

২৬ থেকে ৩০ বছর বয়সী আত্মঘাতী কালো অ্যাপ্রোন পরে একটি ফাইল হাতে চারতলা আদালত ভবনের নিচতলায় অবস্থিত হল রুম- ২ এ প্রবেশ করে।

আইনজীবীদের গাউন পরে বা পায়ে তার দিয়ে টাইম ডিভাইসটি বেঁধে হল রুমে প্রবেশ করে। বিস্ফোরণের ফলে তার বা পা উড়ে যায় এবং শরীরের পুরো অংশটাই পুড়ে যায়।

হামলার লক্ষ্য হিসেবে সে ওই কক্ষের মাঝখানের অংশ বেছে নেয়।

কড়া নিরাপত্তার মধ্যেও হামলাকারী সকলের চোখ ফাঁকি দিয়ে মঙ্গলবারের কোনও এক সময় আদালতের অভ্যন্তরে প্রবেশ করে।

আদালত পুলিশ রমেশ্বর জানান, আদালতে ম্যাজিস্ট্রেট কোর্ট ও জজ কোর্টে ২৬ জন কোর্ট পুলিশ দায়িত্বে ছিলো। এ অবস্থায়ও হামলাকারী কিভাবে সেখানে ঢুকল? এ প্রশ্ন সকলের। প্রায় ৫০/৬০ জন আইনজীবী ওই হল রুমটি ব্যবহার করেন।

আইজিপির বক্তব্য

নৃশংশ এ হামলার খবর শুনে পুলিশের মহা পরিদর্শক আব্দূল কাউয়ুম, ঢাকা রেঞ্জের ডিআইজি, খোদা বক্স, ড. কামাল হোসেন, ব্যরিস্টার রোকনুদ্দিন মাহমুদ ঘটনাস্থলে ছুটে যান।

আইজিপি সাংবাদিকদের বলেন, জঙ্গিরা হামলার ধরন পরিবর্তন করেছে।

তিনি বলেন, অপরাধীদের আইনের আওতায় এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে। রাজশাহীর একজন জেএমবি নেতা মাহতাব খামরুকে ছেড়ে দেওয়ার ব্যাপারে তিনি বলেন, যে কোনও মূল্যে জঙ্গিদের ধরতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।

ড. কামাল হোসেনের বক্তব্য

প্রখ্যাত আইনজীবী সংবিধান প্রণেতা ড. কামাল হোসেন এ হামলার নিন্দা জানিয়েছেন।

তিনি বলেন, জঙ্গিদের রুখতে ব্যর্থ হচ্ছে সরকার। তারা জঙ্গিদের দমন করার ব্যাপারে সক্রিয় নয়।

ব্যারিস্টার রোকনউদ্দিনের বক্তব্য:

বাংলাদেশ বার কাউন্সিলের সহসভাপতি ব্যারিস্টার রোকনুদ্দিন আহমেদ বলেন, জঙ্গিদের সাথে লড়াই করতে বিএনপি-জামাত সরকার ব্যর্থ।

সরকারই এদের মদদ দিচ্ছে বলে অভিযোগ করেন।

তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, একজন স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়া সরকার কিভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখবে।

তিনি একজন নিরপেক্ষ স্বরাষ্ট্রমন্ত্রী নিয়োগের দাবি জানান।

ব্যরিস্টার রোকন অভিযোগ করে বলেন, সরকার জেএমবি’র একজন শীর্ষ নেতা খামরুকে ধরেও ছেড়ে দিয়েছে। র‌্যাব তাকে ধরেও কায়েমী স্বার্থবাদী মহলের নির্দেশে তাকে ছেড়ে দেওয়া হয়।

গাজীপুর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হারিস উদ্দিন বলেন, এই সরকার জঙ্গিদের কাছে হার মেনেছে। আমরা কি দোষ করেছি? কেন আমাদের হত্যা করা হচ্ছে।

বোমা বিশেষজ্ঞদের বক্তব্য: 

র‌্যাবের বোমা বিশেষজ্ঞ ইউনিটের সদস্য ক্যাপ্টেন মমতাজুর রহমান বিডিনিউজকে বলেন, এই বিস্ফোরণের সাথে ঝালকাঠি বোমা হামলার মিল রয়েছে। হামলাকারী সুইচের মাধ্যমে বিস্ফোরণ ঘটিয়ে থাকতে পারে।

তিনি আরও বলেন, বোমাটি প্রচণ্ড শক্তিশালী। সকল নমুনা পরীক্ষা করে আমরা আগামী ২৪ ঘন্টার মধ্যে বিস্ফোরণের ধরণ সম্পর্কে জানানো হবে।

শিথিল নিরাপত্তা:

অ্যাডভোকেট দেলোয়ার হোসেন অল্পের জন্য নৃশংশ এ হামলা থেকে বেছচে গেছেন। তিনি এই হামলার জন্য শিথিল নিরাপত্তা ব্যবস্থাকে দায়ি করেন।

 তিনি বলেন, পুলিশ মেটাল ডিটেক্টর দিয়ে দর্শণার্থীদের দেহ তল্লাশি করলেও জজ কোর্টের প্রধান গেটে নিরাপত্তার বালাই নেই। আর এ সুযোগেই হামলাকারী সহজেই আদালত প্রাঙ্গণে ঢুকে পড়ে।

তবে এসপি আতিকুল ইসলাম এ অভিযোগ অস্বীকার করেছেন।

তিনি বলেন, ম্যাজিস্ট্রেট ও জজ কোর্টের প্রবেশ পথে প্রত্যেককে তল্লাশি করা হয়।

চিকিৎসকদের বক্তব্য: 

গাজীপুর সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক মাহমুদুল বাশার বিডিনিউজকে বলেন, বোমা হামলার পর হাসপাতালে তারা মহিলাসহ আহত ৪১ জনকে ভর্তি করেন।  এদের মধ্যে ৩১ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ছয়জনকে সদর হাসপাতালে রাখা হয়। বাকি পাঁচজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

তিনি আরও বলেন, তিনজন ঘটনাস্থলেই মারা যায়। আর অন্য তিনজন দুপুর আড়াইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়।

আহতদের অবস্থা খুবই গুরুতর। তাদের বেশিভাগেরই শরীরের বিভিন্ন স্থানে স্পি­ন্টার বিদ্ধ হয়েছে। অনেকের শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে।

আহতরা হল- জিয়াউল করিম (৩০), শাহীন (২৫), আনোয়ার হোসেন (৩০), মকবুল (৩০), অ্যাডভোকেট জেবুন্নেসা (৪০), অ্যাডভোকেট বশির (৫০), ইয়াসউদ্দিন (৩৫), শাহ আলম (২০), অ্যাডভোকেট খোরশেদ (৩৫), মুজিবর রহমান (৩৫), হযরত আলী (৩৫), মোহাম্মদ জামাল (৩৫), সাইদুর রহমান (৪০), জামালউদ্দন ফকির (৩০), শাহজাহান মালেক (৩০), বাদশাহ (২৫), সুকুমার রায় (৬০), মতিউর রহমান (৪০), আকর হোসেন (৪০), সঞ্জীবন দাস (৪০), অ্যাডভোকেট রাজ্জাক (৫৫), অ্যাডভোকেট রুস্তম আলী (৪০), মাঈনুদ্দিন (৬০), আব্দুল মান্নান (৭০), আব্দুল হাকিম (৩৫), মর্জিনা (৪৫), নূরজাহান (২০), অ্যাডভোকেট ইকবাল খান (৩৫), আনিসুর রহমান কাজল (৩৫), ফজলুল হক (৬০), আনোয়ার (২৬), অ্যাডভোকেট নুরুল হুদা (৩০), মোক্তার হোসেন (৩০), অ্যাডভোকেট আনোয়ার (৪০), হালিমা (৩৫), নজরুল ইসলাম (৪৫), নাজিমুদ্দিন (৪০), ফজলুল হক খান (৫৫), অ্যাডভোকেট শামীম (৩০)।

ঘৃণ্য এ হামলার প্রতিবাদে স্থানীয় আওয়ামী লীগ শহরে মিছিল বের করে। 

আলামত:

র‌্যাব ও গোয়েন্দা পুলিশের বোমা নিস্ক্রিয় দল ও অন্যান্য গোয়েন্দা কর্মকর্তারা ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে।

তারা মাছ ধরার জালে ব্যবহৃত ৪০০ লোহার বল, ৫টি বিয়ারিং বল, ৬টি পেন্সিল ব্যাটারি, তারের টুকরো, কালো অ্যাপ্রান, ভাঙ্গা জানালার কাচ ও অন্যান্য সামগ্রী সংগ্রহ করেছে। ফরেনসিক টেস্টের জন্য তারা রক্ত সংগ্রহ করে।

প্রত্যক্ষ্যদর্শীদের বক্তব্য:

এ হামলায় পায়ে আঘাতপ্রাপ্ত সাইদুর রহমান বলেন, সাড়ে আটটায় আমি আদালতে আসি। প্রতিদিনকার মত আমি কিছু কাজ সেরে ওই কক্ষ থেকে বের হয়ে আসার সময় হঠাৎ করে বিকট আওয়াজ শুনতে পাই। বিস্ফোরণস্থলের পশ্চিমপাশে থাকায় ভাগ্যক্রমে আমি বেঁচে যাই। কক্ষটির পূর্বপাশে হামলাকারীর অবস্থানের কারণে ওই অংশে হহাহত বেশি হয়।

আদালতের আসা একজন মক্কেল ফজলুল হক বলেন, আমি হাজিরা দিতে আদালতে গিয়েছিলাম। এটা আমার জন্যে ছিল ভয়াবহ একটি দিন। আমি বেশ কিছু মানুষকে রক্তের ওপর পড়ে থাকতে দেখি। ঘন ধোয়া আর রক্তাক্ত মানুষের কান্নায় কক্ষটির পরিবেশ ছিল সে মুহূর্তে ভয়ঙ্কর।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা বিএনপি মহাসচিব, স্থানীয় সরকার পল¬ী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া  হামলার পরপরই সাংবাদিকদের বলেন, বোমা হামলা অর্থ এই নয়, সরকার ব্যর্থ।

তিনি বলেন, যারা এ বিস্ফোরণগুলো ঘটিয়েছে, তারা দেশ ও জনগণের শত্র“।

ঘটনার পর আওয়ামী লীগ, বিএনপি ও অন্যান্য দলের সিনিয়র নেতৃবৃন্দ আহতদের দেখতে হাসপাতালে ছুটে যান।

যে সকল মন্ত্রী ও নেতা ঢাকা মেডিক্যালে আহতদের দেখতে যান তারা হলেন, আব্দুল মান্নান ভূঁইয়া, আইনমন্ত্রী মওদুদ আহমদ, আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমেদ, আসাদুজ্জামান নূর এমপি, জাসদ সভাপতি হাসানুল হক ইনু প্রমুখ।

বিডিনিউজ চট্টগ্রাম অফিস জানায়, চট্টগ্রাম আদালত ভবনের প্রধান প্রবেশ পথের একটি চেকপোস্টে মঙ্গলবার সকালে আত্মঘাতী বোমা হামলায় এক পুলিশ কনস্টেবলসহ দু’জন নিহত এবং ১৩ পুলিশসহ ১৬জন আহত হয়েছে।

নিহত পুলিশ কনস্টেবলের নাম রাজীব বড়–য়া। সে রাউজানের আবুরখীলের শিমুল বড়–য়ার ছেলে।

বিস্ফোরণে নিহত অপরজন শাহাবুদ্দিন (৩০)। সে সীতাকুণ্ডুর মহাদেবপুর এলাকার সালামতউল্লাহর ছেলে।  পুলিশ তার পকেট থেকে একজন আইনজীবীর ভিজিটিং কার্ড উদ্ধার করেছে। ধারণা করা হচ্ছে, নিহত ব্যক্তি ওই আইনজীবীর মক্কেল।

আহত ১৩ পুলিশ সদস্যের মধ্যে গুরুতর দু’জনসহ মোট পাঁচজন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

বোমা হামলাকারী  নিষিদ্ধঘোষিত জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য। বিস্ফোরণে তার কোমর থেকে পা দু’টি বি”্ছন্নি হয়ে গেছে। সে বর্তমানে কোমায় রয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সকাল পৌনে ৯টায় পাহাড় চূড়ার আদালত ভবনের প্রধান প্রবেশ পথে জেলাপ্রশাসকের অফিস, কালেক্টরেট অফিস, কোতয়ালী থানা ও  সিএমপি সদর দপ্তরের খুব কাছে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

বোমা বিস্ফোরণের পরপরই চট্টগ্রাম আদালত ভবনসহ আশপাশের অন্যান্য অফিসের কার্যক্রম বন্ধ হয়ে যায়। আতংকিত বিচারক ও আইনজীবীরা বোমা হামলার প্রতিবাদে আদালত ত্যাগ করে।

বোমা বিষ্ফোরণের শব্দে পাহাড় চূড়ার আদালত ভবন প্রকম্পিত হয়ে ওঠে। প্রায় দেড় কিলোমিটার দূর থেকেও বিষ্ফোরণের শব্দ শোনা যায়।

বিস্ফোরণস্থলের কিছু দূরে দাঁড়ানো পুলিশ কনস্টেবল রাশিদা বিডিনিউজকে জানিয়েছেন, চেকপোস্টের পুলিশরা যখন মেটাল ডিটেক্টর ও অস্ত্রশস্ত্র নিয়ে কার্যক্রম শুরুর প্রস্তুতি নিচ্ছিল, তখন হঠাৎ করে বিকট শব্দে বিষ্ফোরণ ঘটে এবং ধোঁয়ার কুণ্ডলির মধ্যে সাত--আটজন পুলিশ লুটিয়ে পড়ে।

কিন্তু বোমাটি কীভাবে বি¯েফারিত হয়েছে, এ বিষয়ে নিশ্চিত করে কেউ কিছু জানাতে পারছেনা। একটি সূত্র বলেছে, আত্মঘাতী হামলাকারীরা বহন করার সময় বোমাটি বিষ্ফোরিত হয়। কিন্তু অন্য সূত্র বলেছে, মেটাল ডিটেক্টর দিয়ে চেক করার সময় বোমাটির বিষ্ফোরণ ঘটানো হয়।

আত্মঘাতী হামলাকারীর বিচ্ছিন্ন দু’টি পায়ের মধ্যে একটি ঘটনাস্থলে পড়ে থাকতে দেখা গেছে। অন্যটি মেডিক্যাল কলেজ হাসপাতালের ক্যাজুয়েলটি ওয়ার্ডে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া আহতদের শরীরের ছিন্ন বিচ্ছিন্ন অংশ ঘটনাস্থলে পড়েছিলো। শুধু তাই নয়, রক্ত মিশ্রিত কিছু মাংসপিণ্ড আশপাশের গাছের ডালেও লেগে ছিলো।

দেশব্যাপী বিচারক ও আইনজীবীদের ওপর হামলার পর পুলিশকে লক্ষ্য করে বোমা হামলার কিছুক্ষণের মধ্যেই আত্মঘাতী হামলাকারীর শরীর থেকে জেএমবির একটি লিফলেট উদ্ধার করা হয়েছে।

পুলিশ কমিশনার মাজেদুল হক বলেছেন, আল্লাহর আইনের পরিবর্র্তে  মানবরচিত আইন চালুর সাথে জড়িতদের পর্যায়ক্রমে খতম করে ফেলা হবে বলে  লিফলেটে উল্লেখ করা হয়েছে।

র‌্যাবসহ আইন--শৃংখলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং পুরো এলাকা ঘিরে রাখা হয়েছে।

আহতরা পুলিশ সদস্যরা হচ্ছে, মাহফুজ, সামছুল কবির, প্রমথেশ বড়–য়া, সানি দাশ, রফিকুল ইসলাম, প্রকাশ চন্দ্র দাশ, শ্রীমান বড়–য়া, লুৎফুর রহিম, হাবিলদার সিরাজুল হক, ইসা সরকার, আবদুল মজিদ, এবং অপর তিনজন হলেন, মোহাম্মদ রাজ্জাক, এমদাদুল হক ও মোহাম্মদ রফিক।

গোয়েন্দা কর্মকর্তারা বলেছেন, বোমাটি হামলাকারীর শরীরে বাঁধা অবস্থায় পরনের কাপড়ে ঢাকা ছিলো এবং হঠাৎ করে তা বিস্ফোরিত হয়। কিন্তু অপর একটি সূত্র জানিয়েছে, চেকের মুহূর্তে এটির বিস্ফোরণ ঘটানো হয়।

পুলিশ না আদালত ভবনে আগত মানুষজন বোমাটির লক্ষ্য ছিলো, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

বোমা হামলায় আহতদের অবস্থা জানার জন্যে সহকর্মী, আত্মীয়--স্বজন ও শুভাকাংক্সক্ষীরা হাসপাতালে ভিড় জমায়।

বোমা হামলার ঘটনা জানার পর নগরবাসীদের মধ্যে নিরাপত্তাহীনতা দেখা দেয়। অনেক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়।