দেশের বিভিন্ন স্থানে জেএমবি সন্দেহে আটক ৫
দেশের বিভিন্ন স্থানে মঙ্গলবার নিষিদ্ধ ঘোষিত জামা’আতুল মুহাহিদীন (জেএমবি) সন্দেহে পাঁচজন গ্রেপ্তার হয়েছে। বাগেহাটে দুজন, ঠাকরগাঁওয়ে একজন ও হবিগঞ্জে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বিডিনিউজ বাগেরহাট প্রতিনিধি জানান, বাগেরহাটে জেলা প্রশাসকের কার্যালয়ের বারান্দা থেকে মঙ্গলবার দুপুরে পুলিশ জেএমবি সন্দেহে ওহিদুল ইসলাম বাবু (২৫) ও মহিবুল্লাহ (২৫) নামে দুই মাদ্রাসা ছাত্রকে আটক করেছে। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় জেলা প্রশাসনের কর্মচারিরা পুলিশকে খবর দিলে পুলিশ এসে তাদের আটক করে। তাদের দেওয়া ঠিকানা অনুযায়ী পুলিশ সংশ্লিষ্ট থানায় তল্লাশী বার্তা পাঠিয়েছে।
পুলিশ জানায়, ওহিদুল বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার নরুল্লাপুর গ্রামের মুনসুর আলী শেখ-এর ছেলে ও মহিবুল্লাহ কচুয়া উপজেলার মসনি কলিবুনিয়া গ্রামের ক্বারী আব্দুল হাকিমের ছেলে। তারা নিজেদের পিরোজপুর জেলার কুমারখালী আলিয়া মাদ্রাসার আলিম বিভাগের ছাত্র বলে পরিচয় দিয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে তারা বলেছে, মামলা সংক্রান্ত কাজে তারা আদালতে এসেছিলো।
বিডিনিউজ ঠাকুরগাঁও প্রতিনিধি জানান, জেলার হরিপুর উপজেলার বীরগড় থেকে মঙ্গলবার দুপুরে র্যাব সদস্যরা রায়হান নামের এক জেএমবি সদস্যকে আটক করে।
রায়হানকে তাৎক্ষনিকভাবে ঠাকুরগাঁও বিডিআর ক্যাম্পে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে সে ১৭ আগস্টে বোমা হামলার কথা স্বীকার করে। তার বাড়ি ভারতের মালদাহ জেলায় বলে সে জানায়। প্রসঙ্গত ১৮ নভেম্বর রানীশংকৈল উপজেলায় গ্রেপ্তারকৃত জেএমবি সদস্য আব্দুল লতিফের স্বীকারোক্তি অনুযায়ী অভিযান চালিয়ে র্যাব তাকে গ্রেপ্তার করে।
বিডিনিউজ হবিগঞ্জ প্রতিনিধি জানান, হবিগ্জ জজ কোর্টের সামনে সন্দেহজনক ঘোরাফেরার সময় পুলিশ জেএমবি সন্দেহে দুইজনকে আটক করে।
আটককৃতরা হলো, শেরপুরের নকলা উপজেলার আব্দুল আজিজের ছেলে মনির হোসেন (১৮) ও শরিয়তপুর জেলার গোসাইহাট উপজেলার মিত্রসেন পট্টি এলাকার সিকিম আলীর ছেলে ইকবাল হোসেন (২২)।
