বোমা হামলাকে হতাশাজনক বলে উল্লেখ করে অর্থমন্ত্রীর উদ্বেগ প্রকাশ
অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান মঙ্গলবার গাজীপুর ও চট্টগ্রামে বোমা হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, একের পর এক বোমা হামলায় দেশে বিদোশ বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হতে পারে।
তিনি আরো বলেন, এ ঘটনা এমন সময়ে হচ্ছে যখন, বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি বিল গেটস বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ দেখার জন্য আসছেন।
সাংবাদিকদের অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা হতাশাজনক এবং দুর্ভাগ্যের ব্যাপার।
তবে হামলার রিপোর্ট না দেখা পর্যন্ত অন্য কোনো মন্তব্য করতে রাজী হননি তিনি।
চট্টগ্রাম এবং গাজীপুর আদালত প্রাঙ্গনে বোমা হামলার খবর ছড়িয়ে পড়লে সারাদেশের জজ এবং আইনজীবীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আইনজীবীরা আদালত বর্জন করে।
গাজীপুর এবং চট্টগ্রামে আদালত প্রাঙ্গনে বোমা হামলার প্রতিবাদে সুপ্রীম কোর্ট বার এসাসিয়েশন বৃহস্পতিবার দেশব্যাপী হরতাল আহ্বান করেছে।
