২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘শান্তিুচুক্তিই পার্বত্য সমস্যার একমাত্র সমাধান, অনথ্যায় পরিণতি ভয়াবহ’

পার্বত্য শান্তিচুক্তির বাস্তবায়নই পাহাড়ের রাজনৈতিক সমস্যার একমাত্র সমাধান। অন্যথায় জাতীয় এই সমস্যার পরিণতি হবে ভয়াবহ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2005, 06:35 PM

Updated : 26 Apr 2022, 06:20 PM

‘পার্বত্য শান্তিচুক্তির আট বছর: বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক এক গোল টেবিল আলোচনায় বক্তারা এ কথা বলেন। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে সাপ্তাহিক ২০০০ এ গোল টেবিল আলোচনার আয়োজন করে।

বিশিষ্ট মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সাপ্তাহিক ২০০০ এর সম্পাদক শাহাদাত চৌধুরীর মৃত্যুতে এক মিনিট নিরবতা পালন এবং মরহুমের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আলোচনা শুরু করা হয়।

বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক মোজাফফর আহমেদের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে পার্বত্য আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান ও জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান ও দৈনিক ডেইলি স্টারের ব্যবস্থাপনা সম্পাদক ফাহিম মুনায়েম। মূল প্রবন্ধ উপস্থপন করেন সাপ্তাহিক ২০০০ এর নির্বাহী সম্পাদক  গোলাম মোর্তোজা।

সাবেক গেরিলা নেতা সন্তু লারমা বলেন, শান্তিচুক্তি বাস্তবায়ন না হলে পার্বত্য সমস্যা কোনোদিনই সমাধান হবে না। এর প্রাথমিক শর্ত হিসেবে সেখান থেকে অস্থায়ী সেনা ছাউনি ও সেনা কর্তৃত্ব প্রত্যাহার করতে হবে।

তিনি বলেন, চুক্তি স্বাক্ষরের পরও গত আট বছরে তা বাস্তবায়ন না হওয়ায় পাহাড়ের জনজীবন এখন অবরুদ্ধ হয়ে পড়েছে। এই আট বছরে আমাদের তিক্ত অভিজ্ঞতা হয়েছে।

তিনি আরো বলেন, শেখ হাসিনার সরকার শান্তিচুক্তির বাইরে পাহাড় থেকে বাঙালি সেটেলার প্রত্যাহার করার বিষয়ে অলিখিত চুক্তি করেছিলো। কিন্তু পরে তারা তা অস্বীকার করেছে। আর বর্তমান সরকার চুক্তিবিরোধী কার্যকলাপ করেই চলেছে।

সন্তু লারমা বলেন, পার্বত্য চট্টগ্রাম সম্পর্কিত সামরিক--বেসামরিক আমলা গোষ্ঠির অনেকেই চুক্তিটি পড়েও দেখেননি। মন্ত্রিপরিষদের সদস্য থেকে শুরু করে অনেকেই পার্বত্য আইনগুলো সর্ম্পকেও তেমন কিছু জানেননা।

তিনি বলেন, এছাড়া পাহাড়ে কর্মরতদের মধ্যে অনেকেই উগ্র সাম্প্রদায়িক মন মানসিকতার অধিকারী।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান বলেন, পার্বত্য সমস্যা একটি রাজনৈতিক ও জাতীয় সমস্যা। শান্তিচুক্তির আলোকে এ সমস্যার সমাধান তথা  যথাযথভাবে চুক্তিবাস্তবায়নের জন্যে রাজনৈতিক সংস্কৃতির গুণগত পরিবর্তন দরকার।

তিনি বলেন, আমার সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আমি নিজেই পাহাড়ে রাজনৈতিক সংস্কৃতিতে একটা অনুকূল পরিবেশ সৃষ্টির উদ্যোগ নিয়েছি। আমরা সকলে যেনো পার্বত্য সমস্যা সমাধানে একটা ন্যূনতম জাতীয় মতৈক্যে পৌঁছতে পারি, সে জন্যেই এ উদ্যোগ।

তিনি আরো বলেন, জোট সরকারের উদ্দেশ্য, পার্বত্য সমস্যা সমাধান করে দাতাগোষ্ঠির সহায়তায় পাহাড়ে দারিদ্র্য বিমোচন, কৃষি পণ্যের ন্যায্য মূল্য নির্ধারণ, অবকাঠামোসহ সাবির্ক উন্নয়নের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামকে একটি সমৃদ্ধ অঞ্চলে পরিণত করা।

দৈনিক ডেইলি স্টারের ব্যবস্থাপনা সম্পাদক ফাহিম মুনায়েম বলেন, পার্বত্য চট্টগ্রাম সমস্যা একটি টাইম বোমায় পরিণত হয়েছে। এটি এখন বিস্ফোরন্মুখ। এ সমস্যার সামরিক না রাজনৈতিক সমাধান হবে, তা রাজনৈতিক দল, সুশীল সমাজ ও পাহাড়ি নেতাদের মিলে এখনই ঠিক করতে হবে। অন্যথায় পার্বত্য সমস্যা আরো জটিল আকার নেবে।

এতে অন্যান্যের মধ্যে অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, ড. একে আজাদ চৌধুরী, আঞ্চলিক পরিষদ সদস্য রূপায়ন দেওয়ান, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাখাওয়াত হোসেন, অধ্যাপক মেজবাহ কামাল, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সিপিবির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম, জাসদের সভাপতি হাসানুল হক ইনু, গণফোরামের কেন্দ্রীয় নেতা পংকজ ভট্টাচার্য, দৈনিক প্রথম আলোর বার্তা সম্পাদক সানাউল্লাহ লাভলু, বার্তা সংস্থা বিডিনিউজের ডেপুটি চিফ করেসপন্ডেন্ট বিপ্লব রহমান প্রমুখ বক্তব্য রাখেন।