২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীর খিলগাঁওয়ে দু’জন খুন

নগরীর খিলগাঁও এলাকায় সোমবার সকালে একদল অস্ত্রধারী কুপিয়ে হত্যা করেছে বারেক নামে এক যুবকে। একই এলাকার ত্রিমোহনী নদী থেকে পুলিশ অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2005, 09:18 PM

Updated : 26 Apr 2022, 06:20 PM

নিহত যুবকের নাম আব্দুল বারেক (২৪), সে খিলগাঁওয়ে বাগিচারটেক এলাকার হাসেম হাওলাদারের পুত্র।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীর সূত্র জানায়, সকাল ৮টায় একদল  অস্ত্রধারী সন্ত্রাসী বারেকের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং এলোপাথারি কুপিয়ে তাকে হত্যা করে। এসময় মৃত্যু নিশ্চিত করতে সন্ত্রাসীরা তাকে গুলিও করে।

নির্মম এই খুনের সময় সন্ত্রাসীদের কেউ যাতে বাধা দিতে না পারে, এ জন্যে তারা  ফাঁকা গুলি ছুঁড়ে আতঙ্ক সৃষ্টি করে।

খুনের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছুই জানা যায়নি।

পুলিশ অভিযোগ করেছে, বারেক এলাকায় একজন চিহ্নিহ সন্ত্রাসী ছিল। তার বিরুদ্ধে খিলগাঁও থানায় কমপক্ষে অর্ধ ডজন মামলা রয়েছে।

এদিকে পুলিশ একই এলাকার ত্রিমোহনি নদী থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে। এসময় মৃতদেহে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে।

ময়নাতদন্তের জন্যে মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।