২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘একমুখী শিক্ষা বাস্তবায়নের সিদ্ধান্ত প্রতারণার শামিল’

মাধ্যমিক স্তরে একমুখী শিক্ষা বাস্তবায়নের সিদ্ধান্তকে প্রতারণার শামিল বলে অভিযোগ করেছেন প্রগতিশীল ছাত্রজোট।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2005, 06:15 PM

Updated : 26 Apr 2022, 06:20 PM

ছাত্রজোট সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের মাধ্যমে  একমুখী শিক্ষা বাতিলের দাবি জানায়।

সংবাদ সম্মেলনে অন্যান্যেও মধ্যে উপস্থিত ছিলেন ছাত্র ইউনিয়নের সভাপতি বাকী বিল্লাহ, বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি আবু নাসের প্রতীক, ছাত্রফ্রন্টের সভাপতি খালেকুজ্জামান লিপন প্রমুখ। 

লিখিত বক্তব্যে বলা হয়, সমন্বিত একমুখী শিক্ষাক্রমের মাধ্যমে কলা, বাণিজ্য, বিজ্ঞান বিভাগ উঠিয়ে দিয়ে ‘সকল শিক্ষার্থীকে সম মানের শিক্ষা’ দেওয়ার ভাওতা করা হয়েছে। এতে সাধারণ বিজ্ঞান ও সামাজিক বিজ্ঞানকে সংক্ষিপ্ত করে ধর্ম ও ব্যবসাকে বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া সংস্কৃত, পালি, আরবীকে বাধ্যতামূলক করে কোচিং ব্যবসাকে উৎসাহিত করা হচ্ছে।

বক্তব্যে আরো বলা হয়, পাঠ্যপুস্তক বেসরকারিকরণ করে শিক্ষার বাণিজ্যিকীকরণ করা হয়েছে। এছাড়া বিদ্যালয় ভিত্তিক মূল্যায়নের জন্য শতকরা ৩০ ভাগ নম্বর শিক্ষকদের হাতে দিয়ে ছাত্র-শিক্ষক সম্পর্ক নষ্ট করা হবে।

সম্মেলনে প্রগতিশীল ছাত্রজোট তিন ধারার শিক্ষা ব্যবস্থা বাতিল করে একই ধারার বিজ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থা, পাঠ্যপুস্তক বেসরকারিকরণের সিদ্ধান্ত বাতিল, শিক্ষকদের ৩০ নম্বর বরাদ্দ,  সমন্বিত একমুখী শিক্ষা বাতিলের দাবি জানায়।

প্রগতিশীল ছাত্রজোট একমুখী শিক্ষা কার্যক্রম বাতিলের দাবিতে কর্মসূচি গ্রহণ করেছে।