প্রধানমন্ত্রী বুধবার পটুয়াখালী সেতু উদ্বোধন করবেন
দক্ষিণাঞ্চলবাসীর দীর্ঘদিনের প্রতীক্ষিত পটুয়াখালী সেতু প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বুধবার উদ্বোধন করবেন।
পটুয়াখালী জেলা শহর সংলগ্ন লাউকাঠি নদীর ওপর দুই লেনের ১০ স্প্যান বিশিষ্ট ৪৮৫ দশমিক ২০ মিটার দীর্ঘ এবং ১০ মিটার প্রশস্ত এ সেতুটি চালু হলে পটুয়াখালী ও বরগুনা জেলার সাথে রাজধানী ঢাকাসহ সারাদেশের যোগাযোগ ব্যবস্থা সহজতর হবে এবং এক্ষেত্রে সময় প্রায় এক ঘণ্টা কমে যাবে। একই সাথে সমুদ্র সৈকত কুয়াকাটার সাথে যোগাযোগও সহজতর হবে এবং পটুয়াখালীর উন্নয়নে নতুন দিগন্তের সূচনা হবে।
বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়নে পটুয়াখালী--বরগুনা জেলার গুরুত্বপূর্ণ সড়ক পুনর্বাসন প্রকল্পের আওতায় সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধানে প্রায় ৩০ কোটি টাকা ব্যয়ে এ সেতু নির্মিত হয়েছে।
