বাগমারায় বাংলাভাইয়ের ক্যাডার মাহতাব আলী খামারু আটক, মন্ত্রীর নির্দেশে মুক্ত
রাজশাহীর বাগমারায় জেএমবি নেতা ও বাংলাভাইয়ের পৃষ্ঠপোষক মাহতাব আলী খামারুকে রোববার সকালের দিকে র্যাব আটক করে বিকেলে আবার ছেড়ে দিয়েছে। একজন মন্ত্রীর নির্দেশে তাকে ছেড়ে দেওয়া হয়েছে বলে সূত্র জানায়।
এলাকার তালঘড়িয়া পুলিশ ক্যাম্পের সামনে থেকে র্যাব-৫ এর সদস্যরা তাকে আটক করে। মাহতাব আলী খামারু হামিরকুৎসা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ আলী খামারুর পুত্র।
মাহতাব এ এলাকায় নানান সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত বলে অভিযোগ রয়েছে। তার দুই ভাই মমতাজ আলী খামারু ও গোলাম মোস্তফা খামারু সর্বহারাদের হাতে খুন হয়। এই খুনের ঘটনার বদলা নিতেই মাহতাব আলী খামারু জেএমবি’র দুর্ধর্ষ ক্যাডারে পরিণত হয় বলে এলাকায় জনশ্র“তি রয়েছে।
বিভিন্ন সময় সংবাদ মাধ্যমে দয়ো সাক্ষাৎকারেও খামারু বলেছিলো তাকে কখনোই গ্রেফতার করা হবে না কেননা একজন উপমন্ত্রী তার পেছনে রয়েছেন।
এলাকায় অভিযোগ রয়েছে মাহতাব খামারু বাংলাভাইকে নিয়ে বাগমারা এলাকার মুক্তিযুদ্ধ পক্ষের বিভিন্ন নেতা-কর্মীর বাড়িতে হামলা চালায়। সে বাংলাভাই ও র্যাবের ক্রসফায়ারের ভয় দেখিয়ে এলাকায় সাধারণ মানুষের কাজ থেকে ব্যাপক চাঁদাবাজি করেছে বলেও অভিযোগ রয়েছে।
র্যাব সূত্র জানায়, জিজ্ঞাসাবাদের জন্যেই তাকে আটক করা হয়েছিলো। তবে তাকে গ্রেফতার দেখানো হয়নি। আটকের বিষয়ে সকাল থেকে র্যাব গোপনীয়তা রক্ষা করলেও বিকেলে তা স্বীকার করে।
