মঙ্গলবার বিকেল ৪টা পর্যন্ত নাইকোর নতুন আলটিমেটাম
কতদিনের মধ্যে গ্যাসের দাম নির্ধারণ এবং গ্যাস কেনার চুক্তি করা হবে, তা সুর্নিদিষ্টভাবে জানাতে পেট্রোবাংলাকে অনুরোধ করেছে নাইকো। বলা হয়েছে, মঙ্গলবার বিকেল ৪টার মধ্যে এটি জানানো না হলে তারা ফেনী ফিল্ড থেকে গ্যাস সরবরাহ বন্ধ করে দেবে।
গ্যাস সরবরাহ বন্ধ করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে, এ মর্মে পেট্রোবাংলার দেওয়া চিঠির জবাবে আজ রোববার নাইকোর পক্ষ থেকে পেট্রোবাংলাকে এক চিঠি দেওয়া হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার নাইকোর পক্ষ থেকে পেট্রোবাংলাকে দেওয়া এক চিঠিতে বলা হয়, গ্যাসের দাম নির্ধারণ চূড়ান্ত করা না হলে সোমবার থেকে তারা ফেনী ফিল্ডের উৎপাদন ও সরবরাহ বন্ধ করে দেবে।
পেট্রোবাংলার পরিচালক (পিএসসি) রায়হানুল আবেদীনকে লেখা এ চিঠিটি রোববার বিবেলে পেট্রোবাংলায় পৌঁছে দেওয়া হয়। চিঠিতে বলা হয়, পেট্রোবাংলার বিশেষ অনুরোধে তারা গত বছরের নভেম্বর মাসে ফেনী ফিল্ড থেকে গ্যাস সরবরাহ শুরু করেছিল। তখন পেট্রোবাংলার পক্ষ থেকে বলা হয়েছিল, স্বল্পসময়ের মধ্যে দাম চূড়ান্ত করে নাইকোর সাথে গ্যাস ক্রয় সংক্রান্ত চুক্তি (জিপিএসএ) স্বাক্ষর করা হবে। কিন্তু গত প্রায় এক বছরেও তা চূড়ান্ত করা হয়নি।
চিঠিতে বলা হয়, সময় নির্দিষ্ট করে জানানো না হলে নাইকো মঙ্গলবার বিকেলের পর থেকে ফেনী ফিল্ডের উৎপাদন বন্ধ করে দেবে।
বর্তমানে দেশের মোট গ্যাস চাহিদা প্রতিদিন প্রায় ১৬০০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি)। কিন্তু পেট্রোবাংলা বর্তমানে সর্বোচ্চ ১৫৫৭ এমএমসিএফডি গ্যাস সরবরাহ দিতে পারছে। ফেনী ফিল্ড থেকে প্রতিদিন ৩০ এমএমাসিএফডি গ্যাস সরবরাহ দেয়া হচ্ছে। এটি বন্ধ হলে পেট্রোবাংলাকে আবারো বড় ধরনের গ্যাস সংকটে পড়তে হবে।
একটি সূত্র বিডিনিউজকে জানায়, প্রতি হাজার ঘনফুট গ্যাসের দাম ২ দশমিক ৩৫ মার্কিন ডলার ধরা হলেও ফেনীর সরবরাহ করা গ্যাস বাবদ পেট্রোবাংলার কাছে নাইকোর পাওনা প্রায় ৫০ মিলিয়ন মার্কিন ডলার। অন্যদিকে পেট্রোবাংলা দু’দফায় নাইকোকে চার মিলিয়ন মার্কিন ডলার প্রদান করেছে।
নাইকো প্রতি হাজার ঘনফুট গ্যাসের দাম ২ দশমিক ৩৫ মার্কিন ডলার দাবি করে আসছে। কিন্তু সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ ২ দশমিক ১০ মার্কিন ডলার দাম দিতে চাওয়া হয়। কিন্তু এ আলোচনা প্রায় ১০ মাস ধরে বন্ধ রয়েছে।
