২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলা বিভাগে সান্ধ্যকালীন এমএ কোর্স চালুর সিদ্ধান্ত বাতিল

শিক্ষার্থীদের প্রবল আন্দোলনের মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে সান্ধ্যকালীন এমএ কোর্স চালুর সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। রোববার বিভাগের একাডেমিক কমিটির মিটিং এ শিক্ষকদের সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2005, 04:20 PM

Updated : 26 Apr 2022, 06:20 PM

শিক্ষার্থীরা রোববারও বিভাগের বারান্দায় সকাল নয়টা থেকে অবস্থান ধমর্ঘট পালন করে। তারা ২৪ ঘন্টার মধ্যে সান্ধ্যকালীন কোর্স বাতিলের দাবি জানায়।

এদিকে রোববার সকাল এগারটা থেকে বিভাগের একাডেমিক মিটিং শুরু হয়। মিটিং এ সিদ্ধান্ত নেওয়া হয়, শিক্ষার্থীদের বিরুদ্ধে গিয়ে বিভাগে সান্ধ্যকালীন কোর্স চালু করার সিদ্ধান্ত নেওয়া যাবে না। সভায় সকল শিক্ষক শিক্ষার্থীর কথা বিবেচনা করে এ কোর্স চালু না করার সিদ্ধান্ত নেওয়া হয়।

বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আবু জাফর বলেন, শিক্ষার্থীদের কথা বিবেচনা করে শিক্ষকদের সর্বসম্মতিক্রমে বিভাগের একাডেমিক কমিটির মিটিংএ সান্ধ্যকালীন এমএ কোর্স চালুর সিদ্ধান্ত বাতিল করা হয়েছে।

সান্ধ্যকালীন এমএ কোর্স বাতিলের সিদ্ধান্তে শিক্ষার্থীরা বিভাগে আনন্দ মিছিল বের করে।

১৪ নভেম্বর থেকে বিভাগে এমএ কোর্সের ফরম বিতরণ শুরু হলে শিক্ষার্থীরা এতে বাধা দেয়। প্রায় দু’ সপ্তাহ যাবৎ শিক্ষার্থীরা সান্ধ্যকালীন এমএ কোর্স বাতিলের জন্য আন্দোলন করে।