২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্যাস সরবরাহ বন্ধ না করতে নাইকোকে অনুরোধ ও সতর্ক করা হয়েছে

ফেনী ফিল্ড থেকে গ্যাস সরবরাহ বন্ধ না করার জন্যে পেট্রোবাংলার পক্ষ থেকে নাইকোকে অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে নাইকোকে সতর্ক করে দিয়ে বলা হয়েছে, অনুরোধ উপেক্ষা করে গ্যাস সরবরাহ বন্ধ করে দিলে নাইকোর বিরুদ্ধে সরকার আইনগত ব্যবস্থা নেবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2005, 07:16 PM

Updated : 26 Apr 2022, 06:19 PM

গ্যাস সরবরাহ শুরুর এক বছর পরও দাম ঠিক না করার জন্যে কানাডীয় কোম্পানি সোমবার থেকে গ্যাস সরবরাহ বন্ধের হুমকি দেয়।

পেট্রোবাংলার পরিচালক (পিএসসি) রায়হানুল আবেদীনের স্বাক্ষর করা নাইকোকে পাঠানো পেট্রোবাংলার চিঠিতে বলা হয়েছে, স্বল্পতম সময়ের মধ্যে গ্যাসের দাম নির্ধারণের ঝুলে থাকা ইস্যু নিষ্পত্তি করা হবে।

জানা গেছে, নাইকো রোববার পেট্রোবাংলার চিঠির জবাব দিতে যাচ্ছে। সরবরাহ বন্ধ না করার জন্যে দাম নির্ধারণ ঠিক কত দিনের মধ্যে চূড়ান্ত করা হবে, তা নির্দিষ্টভাবে জানতে চাইবে নাইকো।

গত বছরের নভেম্বর মধ্যে নাইকো রিসোর্স বাংলাদেশ লিমিটেড ফেনী গ্যাস ক্ষেত্র থেকে সরবরাহ দেওয়া শুরু করে। সে সময়ের গ্যাস সংকটের কথা বিবেচনা করে দাম চূড়ান্তকরণ ছাড়াই নাইকো পেট্রোবাংলার অনুরোধে ওই সরবরাহ শুরু করেছিল।

বর্তমানে ফেনী থেকে প্রতিদিন ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ হয়। আর এ পর্যন্ত পেট্রোবাংলা দু’দফায় নাইকোকে চার মিলিয়ন মার্কিন ডলার দিয়েছে।

নাইকো প্রতি হাজার ঘনফুট গ্যাসের দাম ২ দশমিক ৩৫ মার্কিন ডলার দাবি করে। কিন্তু সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ ২ দশমিক ১০ মার্কিন ডলার দামের কথা বলা হয়। এ বিষয়ে আলোচনা প্রায় ১০ মাস ধরে বন্ধ রয়েছে।