২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফুলবাড়িতে কৃষিক্ষেত্রে সম্ভাব্য ক্ষতিপূরণের লক্ষ্যে এশিয়া এনার্জির নতুন প্রকল্প

এশিয়া এনার্জি করপোরেশন (বাংলাদেশ) দিনাজপুরের ফুলবাড়িতে দ্বিতীয় পর্যায়ে রবি মৌসুম মডেল কৃষি প্রকল্পের কার্যক্রম শুরু করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2005, 05:22 PM

Updated : 26 Apr 2022, 06:19 PM

এ সংক্রান্ত এশিয়া এনার্জি আয়োজিত দু’ দিন ব্যাপি এক কৃষি প্রশিক্ষণ শনিবার ফুলবাড়িতে শেষ হয়েছে। এর আগে প্রথম পর্যায়ে খরিপ - ২ প্রকল্পের মাধ্যমে কৃষি পণ্যের উৎপাদন বৃদ্ধি ও শষ্য বহুমূখীকরণে উল্লেখযোগ্য সাফল্য এসেছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

চলতি বছরের খরিপ - ২ মৌসুম হতে প্রকল্পটি কার্যক্রম শুরু করেছে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ফুলবাড়ি এর সার্বিক সহযোগিতায় দ্বিতীয় পর্যায়ে রবি মৌসুমের জন্য ইতিমধ্যে কৃষক ও জমি নির্বাচন সম্পন্ন এবং সংশ্লিষ্ট কর্মকান্ডও আরম্ভ হয়েছে।

এই প্রকল্পের আওতায় বর্তমান রবি মৌসুমে মসলা জাতীয় ফসল রসুন, ডাল জাতীয় ফসল মসুর (বারি ৪), উচ্চ ফলনশীল ধান (ব্রি ধান ২৯), হাইব্রিড ধান (জিবি ৪), হাইব্রিড টমেটো, হাইব্রিড ভূট্টা ইত্যাদি আর্থিকভাবে লাভজনক ছয়টি ফসল চাষের জন্য নির্বাচন করা হয়েছে।

এই মৌসুমে খনি প্রকল্পের অন্তর্ভুক্ত বিভিন্ন গ্রামে প্রায় আঠার (১৮) একর জমিতে মোট ৭০ জন কৃষক এসব ফসল চাষে অংশগ্রহণ করেছে এবং চাষের জন্য কৃষকদের বীজ, সার, হাল, মজুরি, কীটনাশক ও প্রশিক্ষণসহ যাবতীয় সহযোগিতা প্রদান করা হচ্ছে।