২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৫ ডিসেম্বর  থেকে ডিসিসি’র রিকশার লাইসেন্স নবায়ন শুরু

ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) আগামী ৫ ডিসেম্বর থেকে রিকশার লাইসেন্স নবায়ণ শুরু করছে। তবে ডিসিসি মেয়র সাদেক হোসেন খোকার প্রতিশ্র“তি সত্বেও এখন নতুন কোনো লাইসেন্স দেওয়া হচ্ছে না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2005, 03:05 PM

Updated : 26 Apr 2022, 06:19 PM

এদিকে ঢাকায় আটক করা অবৈধ রিকশা বিভিন্ন মন্ত্রী ও ক্ষমতাসীন দলের সাংসদদের এলাকায় বিনামূল্যে বিতরণ করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে মালিক ও চালকদের মধ্যে সৃষ্টি হয়েছে ক্ষোভ।

ডিসিসি, রিকশা চালক ও মালিক সূত্রে জানা যায়, এ বছর ডিসিসি ৭৯ হাজার ৬১৬টি রিকশার লাইসেন্স নবায়ন করবে । গত ২৩ নভেম্বর চালক ও মালিক সংগঠনের প্রতিনিধিদের সাথে ডিসিসি’র রাজস্ব বিভাগের কর্মকর্তাদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এবার মাত্র এক বছরের জন্য লাইসেন্স নবায়ন করা হবে।

রিকশা চালক মালিক ঐক্য পরিষদের আহ্বায়ক ফজলুর রহমান ও সংগ্রাম পরিষদের সদস্য সচিব ইনসুর আলী বিডিনিউজকে জানান, ডিসিসিতে বর্তমানে লাইসেন্সকৃত রিকশার সংখ্যা মাত্র ৭৯ হাজার ৬১৬টি। তবে রিকশা চলাচল করছে পাঁচ লাখেরও বেশি। বিভিন্ন সময়ে ডিসিসি ও ঢাকা মহানগর পুলিশ এসব লাইসেন্স বিহীন রিকশা আটক করছে।

তিনি জানান, অথচ সংগ্রাম পরিষদের সাথে তিন বছর আগে এক বৈঠকে স্বাক্ষরিত চুক্তি ডিসিসি কর্তৃপক্ষ বাস্তবায়ন করছে না। ওই চুক্তি অনুযায়ী, আরো ৪৫ হাজার রিকশা ও আট হাজার ভ্যানের নতুন লাইসেন্স দেওয়ার কথা। চুক্তিটি বাস্তবায়িত হলে তিন বছরে ডিসিসি অন্তত: ১০ কোটি টাকার রাজস্ব লাভ করতো।

রিকশা চালক মালিক ঐক্য পরিষদের অভিযোগ, ডিসিসি নতুন লাইসেন্স না দিয়ে অবাধে রিকশা আটক করছে। আটক করা ওইসব রিকশা ধ্বংস না করে মন্ত্রী ও সাংসদদের নির্বাচনী এলাকায় বিতরণ করা হচ্ছে। তাদের মতে, এটি শ্রমিক ও মালিকদের ওপর এক ধরণের নির্যাতন। তারা এ ধরণের তৎপরতা বন্ধের জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

তবে ডিসিসির সংশ্লিষ্ট একজন কর্মকর্তা বিডিনিউজকে জানান, ডিসিসি আপাতত: কোনো নতুন লাইসেন্স দেবে না।