২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিরোজপুরের ১৯ জেলে ভারতের কারাগারে

ভারতীয় কারাগারে বন্দি পিরোজপুরের ১৯ জন জেলেকে স্বদেশে ফেরত আনার জন্য বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় কলকাতার বাংলাদূতকে লিখিতভাবে অবহিত করলেও তারা এখনও কারাগারে বন্দি।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2005, 02:25 PM

Updated : 26 Apr 2022, 06:19 PM

সূত্র জানায়, স্বরাষ্ট্র্র মন্ত্রণালয় ২৪ জন বাংলাদেশী জেলেকে ভারতের কারাগার থেকে স্বদেশে ফিরিয়ে আনার জন্য ইতোমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। এসব জেলেরা ঝড়ের কবলে পড়ে ভারতের জলসীমায় প্রবেশ করেছিল।

১৭ সেপ্টেম্বর ২৪ জন জেলে নিয়ে মাছ ধরা একটি ট্রলার পিরোজপুরের পাড়েরহাট বন্দর থেকে সাগরের উদ্দেশ্যে ছেড়ে যায় এবং ওই দিনই তারা বঙ্গোপসাগরের হিরণ পয়েন্টের কাছে ঝড়ের কবলে পড়ে। ওই ট্রলারের ১৯ জন জেলে ভাসতে ভাসতে ভারতীয় জলসীমায় প্রবেশ করে। এদের মধ্যে পাঁচ জেলে বাংলাদেশে ফিরে আসতে সক্ষম হয়। বাকি ১৯ জনকে ভারতীয় নৌবাহিনী ও কোস্টগার্ড এর সদস্যরা আটক করে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার হিঙ্গলগঞ্জ থানায় নিয়ে যায়। সেখান থেকে দমদম কেন্দ্রীয় কারাগারে ১২ জন এবং আলীপুর কারাগারে অপর সাতজনকে প্রেরণ করে।

পরে পিরোজপুরের জাতীয় মৎস্যজীবী সমবায় সমিতির পক্ষে জনৈক বিমল দাস গত ৪ অক্টোবর বন্দি জেলেদের ফিরিয়ে আনার জন্য পিরোজপুর জেলা প্রশাসনের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন ।

এ আবেদনের প্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আটককৃতদের ফিরিয়ে আনার উদ্যোগ নেয়।

২২ নভেম্বর ট্রলারসহ জেলেদের দেশে ফেরার অনুমতি সম্বলিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহিরাগমন শাখা-১ এর সিনিয়র সহকারি সচিব- এর স্বাক্ষরিত একটি পত্রের অনুলিপি পিরোজপুর জেলা প্রশাসকের কাছে প্রেরণ করা হয়।

এ পত্রে ভারতের আটককৃত মাছ ধরা ট্রলারসহ ১৯ জন বাংলাদেশী নাগরিককে (জেলেকে) স্বদেশে ফিরিয়ে আনার জন্য ভারতীয় কারা কর্তৃপক্ষের সাথে যোগাযোগপূর্বক আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে বেনাপোল হরিদাসপুর (পেট্রোপাল) চেকপোস্ট এবং সাতক্ষীরার কৈখালী বিত্তপি নীলডুমুর ব্যাটেলিয়ন এবং সমশের নগর (তাগর ভিলা-১২২ বিএসএফ ব্যাটেলিয়ন) বিএসএফ ক্যাম্পের মাধ্যমে গ্রহণের জন্য বলা হয়।

কিন্তু আটককৃত জেলেদের আত্মীয়--স্বজন এবং মৎসজীবী সমবায় সমিতির লোকজন বিডিনিউজকে জানায়, তারা দমদম ও আলীপুর করা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেও জেলেদের মুক্ত করতে পারেনি।