দেশব্যাপী ১৪ দলের সকাল-সন্ধ্যা হরতাল পালিত
রাজধানীতে পুলিশের সাথে পিকেটারদের সংঘর্ষ, লাঠিচার্জ ও ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে বৃহস্পতিবার আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের সকাল--সন্ধ্যা হরতাল দেশব্যাপী পালিত হয়েছে।
হরতাল চলাকালে নগরীতে বিচ্ছিন্ন ঘটনায় আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান নূর এমপি, ফটো সাংবাদিক পাভেল রহমানসহ কমপক্ষে অর্ধশত নেতা কর্মী আহত হয়েছে। পুলিশ নগরীর বিভিন্ন এলাকা থেকে কমপক্ষে বিশ পিকেটারকে আটক করেছে।
বিরোধী দলের নেতা কর্মী সমর্থকদের ২২ নভেম্বরের মহাসমাবেশে আসতে বাধা দান ও গ্রেপ্তার হয়রানির প্রতিবাদ এবং জোট সরকারের পদত্যাগ দাবিতে ১৪ দল এ হরতালের ডাক দেয়।
নগরীর পল্টন, মুক্তাঙ্গন, বঙ্গবন্ধু এভিনিউ, রাসেল স্কয়ার, পান্থপথ, শ্যামপুর, চকবাজার ও জাতীয় প্রেসক্লাব এলাকায় পুলিশের সাথে পিকেটারদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
নরসিংদী, টাঙ্গাইলসহ বিভিন্ন জেলায়ও হরতাল সমর্থকদের মিছিলে হামলা ও প্রতিবাদে ভাংচুরসহ বিক্ষোভের খবর পাওয়া গেছে।
বিরোধী দল বলছে, পুলিশ হরতাল সমর্থকদের লাঠিচার্জ ও ধাওয়া করলে কমপক্ষে ৫০ জন নেতাকর্মী আহত হয়েছে। বঙ্গবন্ধু এভিনিউতে পুলিশের লাঠির আঘাতে আওয়ামী লীগের প্রচার সম্পাদক আসাদুজ্জামান নূর ও পুলিশের ছোঁড়া ইটের আঘাতে ফটো সাংবাদিক পাভেল রহমান আহত হন।
সকাল ৬টায় হরতাল শুরুর পর থেকে বিরোধী দলের নেতা কর্মী সমর্থকরা মিছিল নিয়ে রাজপথে নেমে আসে। তারা সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেয়।
আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী, মহানগর নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও হাজী মোহাম্মদ সেলিমের নেতৃত্বে একটি মিছিল পুলিশী বাধার মুখে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে বেরিয়ে বঙ্গবন্ধু এভিনিউতে যায়। পৌনে ৮টায় অপর একটি মিছিল বঙ্গবন্ধু এভিনিউ থেকে পল্টন মোড়ের দিকে অগ্রসর হলে পুলিশ জিরো পয়েন্টে বাধা দেয়। এখান থেকে দু’জনকে আটক করা হয়।
পরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি সেখানে পৌঁছলে তার নেতৃত্বে বড় একটি মিছিল মুক্তাঙ্গনে গিয়ে সমাবেশে মিলিত হয়। এখানে ১৪ দলের অন্যান্য নেতা এসে যোগ দেন। বেলা সাড়ে ১১টা পর্যন্ত পুলিশ ব্যারিকেডের মধ্যে সমাবেশ চলাকালে পল্টন মোড়ে কাঁটাতারের ব্যারিকেডের বাইরে মহিলাসহ বিরোধী দলের নেতা কর্মীরা ভেতরে প্রবেশে ব্যর্থ হয়ে বিক্ষোভ প্রদর্শন করে। পুলিশ দফায় দফায় তাদের ওপর চড়াও হয়। টানা--হেঁচড়া করে তাদের আটকের চেষ্টা চালানো হয়। লাঠিচার্জ ও ধাওয়া করে তাদের ছত্রভঙ্গ করে পুলিশ।
১৪ দলের সমাবেশ শেষে নেতা কর্মীরা বঙ্গবন্ধু এভিনিউতে পুলিশের বাধা উপেক্ষা করে কাঁটাতারের ব্যারিকেড ভেঙে ভেতরে প্রবেশ করে। মিছিলের অপর একটি অংশ স্টেডিয়াম প্রান্তের ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশের সঙ্গে কর্মীদের ধাক্কা ধাক্কি, লাঠিচার্জ, ধাওয়া ও ইটপাটকেল বিনিময়ের ঘটনা ঘটে। এসময় পুলিশ, সাংবাদিক ও আওয়ামী নেতা কর্মীরা আহত হয়।
এদিকে হরতাল চলাকালে রাজধানীর শপিংমলগুলো বন্ধ ছিলো। রাজধানীর রাস্তাঘাট ছিলো প্রায় ফাঁকা। দুপুরে ভিআইপি রোডগুলোতে রিকশা ও অটোরিকশা চলতে দেখা গেছে।
এদিকে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে আওয়ামী লীগ সমর্থিত পরিকহন শ্রমিকরা পরিবহন ধর্মঘটের ডাক দিলে আন্তঃনগর বাস চলাচল বন্ধ ছিলো। তবে রেল যোগাযোগ স্বাভাবিক ছিলো।
হরতালে বেশিরভাগ বেসরকারি অফিস বন্ধ ছিলো। সরকারি অফিসে উপস্থিতির হার ছিলো কম। তবে হরতালে পোশাক শিল্পসহ কল কারখানায় উৎপাদন ব্যাহত হয়।
সপ্তাহান্তের এ হরতাল ঘোষণার পরই অনেকে ঢাকা ত্যাগ করে।
