দেশব্যাপী ১৪ দলের সকাল-সন্ধ্যা হরতালে আহত ৩০, গ্রেপ্তার ৭
আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের ডাকা দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালের প্রথম প্রহরে রাজধানীতে পুলিশের সাথে পিকেটারদের বিচ্ছিন্ন সংঘর্ষে আসাদুজ্জামান নূর এমপিসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছে।
এসময় পুলিশ সাতজন পিকেটারকে আটক করেছে।
১৪ দলের নেতা কর্মী সমর্থকদের ২২ নভেম্বরের মহাসমাবেশে আসতে বাধা দেওয়া ও গ্রেপ্তারের প্রতিবাদে ১৪ দল এ হরতালের ডাক দেয়।
নগরীর পল্টন, মুক্তাঙ্গন, বঙ্গবন্ধু এভিনিউ, রাসেল স্কয়ার, পান্থপথ, শ্যামপুর ও জাতীয় প্রেসক্লাব এলাকায় পুলিশের সাথে পিকেটারদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
বিরোধী দল বলছে, পুলিশ হরতাল সমর্থদের ওপর লাঠিচার্জ করলে কমপক্ষে ৩০ জন নেতাকর্মী আহত হয়েছে। পুলিশের লাঠির আঘাতে আওয়ামী লীগের প্রচার সম্পাদক আসাদুজ্জামান নূর ও ফটো সাংবাদিক পাভেল রহমান আহত হন।
সকাল ৬টায় হরতাল শুরুর পর থেকে বিরোধী দলের সমর্থকরা মিছিল নিয়ে রাজপথে নেমে আসে। তারা সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেয়।
হরতাল চলাকালে রাজধানীর শপিংমলগুলো বন্ধ ছিলো। রাজধানীর রাস্তাঘাটগুলো ছিলো ফাঁকা।
দুপুরে ভিআইপি রোডগুলোতে অটোরিকশা চলাচল করতে দেখা গেছে।
এদিকে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে আওয়ামী লীগ সমর্থিত পরিকহন শ্রমিকরা পরিবহন ধর্মঘটের ডাক দিলে আন্তঃনগর বাস চলাচল বন্ধ ছিলো। তবে রেল যোগাযোগ স্বাভাবিক ছিলো।
হরতালে বেশিরভাগ বেসরকারি অফিস বন্ধ ছিলো। সরকারি অফিসে উপস্থিতির হার ছিলো কম।
তবে হরতালে পোশাক শিল্পসহ কল কারখানায় উৎপাদন ব্যাহত হয়েছে কিনা, তা জানা যায়নি।
সপ্তাহান্তের এ হরতাল ঘোষণার পরই অনেকে ঢাকা ত্যাগ করে।
