২৫ নভেম্বর নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস
সারা বিশ্বের মতো বাংলাদেশেও ২৫ নভেম্বর (শুক্রবার) নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস পালিত হতে যাচ্ছে।
দিবসটি পালনের জন্য নারীপক্ষ’র উদ্যোগে সংশ্লিষ্ট সকল সংগঠনের সমন্বয়ে গঠিত হয়েছে নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস বাস্তবায়ন কমিটি। কমিটি দিবসটি উপলক্ষে বেশকিছু কর্মসূচি গ্রহণ করেছে।
এসব কর্মসূচির মধ্যে রয়েছে শুক্রবার সকাল নয়টায় ধানমণ্ডি বয়েজ স্কুলের সামনে জমায়েত, সকাল সাড়ে নয়টায় মিছিল এবং সকাল সাড়ে দশটায় মুক্তমঞ্চে (ধানমণ্ডি ৮ নং ব্রীজ সংলগ্ন) সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
বাংলাদেশে নারীপক্ষ ৪৭ টি সংস্থার সমন্বয়ে ১৯৯৭ সাল থেকে প্রতি বছর একটি নির্দিষ্ট প্রতিপাদ্য বিষয় নিয়ে এ দিবসটি পালন করে আসছে।
এ বছরের প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করা হয়েছে, ‘নারীর প্রতি সহিংসতা: নারীর বিকাশের পথে অন্তরায়’।
নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে ১৯৮১ সালে ল্যাটিন আমেরিকার নারীদের একটি সম্মেলনে ২৫ নভেম্বরকে নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস হিসেবে ঘোষণা করা হয়।
১৯৯৩ সালে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অনুষ্ঠিত বিশ্ব মানবাধিকার সম্মেলনে এ দিবসটি স্বীকৃতি পায়।
