২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশী কৃষক নিহত

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গয়েশপুর এলাকায় বুধবার রাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যদের গুলিতে বাংলাদেশী এক কৃষক নিহত হয়েছে।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2005, 12:53 AM

Updated : 26 Apr 2022, 06:19 PM

নিহত কৃষকের নাম সাবজাল মালিতা (২৫)। সে গয়েশপুর গ্রামের পাচু মালিতার ছেলে।

নিহতের লাশ বিএসএফ ফেরত দেয়নি।

নিহতের স্বজনেরা জানায়, বুধবার রাত আটটার দিকে সাবজাল মালিতা তাদের হারিয়ে যাওয়া একটি গরু খুঁজতে গিয়ে ভুলবশত নো-ম্যানস ল্যাণ্ডের ভিতরে প্রবেশ করে।

এ সময় বিএসএফ’র কানপুর ক্যাম্পের সদস্যরা তাকে টেনেহিঁচড়ে ভারতীয় সীমানায় নিয়ে গিয়ে পরপর দুই রাউণ্ড গুলি করে হত্যা করে।

চুয়াডাঙ্গার ১৮ রাইফেলস ব্যাটালিয়ন সদর দপ্তর থেকে ঘটনার সত্যতা স্বীকার করে জানানো হয়, বিএসএফ’র উস্কানিমূলক তৎপরতার প্রতিবাদ জানিয়ে এবং নিহত কৃষকের লাশ ফেরত চেয়ে একটি চিঠি দেওয়া হবে।

জীবননগর থানার এএসআই আলমগীর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বিডিনিউজকে জানান, বিষয়টি জেনেছি। তবে এ ব্যাপারে থানায় এখনও কোনও লিখিত অভিযোগ কেউ করেনি।

এদিকে মাত্র এক সপ্তাহের ব্যবধানে চুয়াডাঙ্গায় বিএসএফ’র গুলিতে দুই কৃষক নিহত হওয়ার ঘটনায় সীমান্তবর্তী গ্রামগুলোতে চরম আতঙ্ক বিরাজ করছে।