উত্তরাঞ্চলে প্রায় ৩০০ আত্মঘাতী জেএমবি সদস্য রয়েছে
চার পেশার মানুষকে হত্যার মিশন নিয়ে দেশের উত্তরাঞ্চলে নিষিদ্ধঘোষিত জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) প্রশিক্ষণপ্রাপ্ত প্রায় ৩০০ আত্মঘাতী হামলাকারী সক্রিয় রয়েছে।
পঞ্চগড় পুলিশের হাতে শনিবার গ্রেপ্তারকৃত জেএমবি আত্মঘাতী স্কোয়াডের সদস্য তানভিরুজ্জামান তানভীর ওরফে সালমান ওরফে মুরাদ এ তথ্য জানায়।
পুলিশ জানায়, তারা তানভিরের সঙ্গে আরও দুই জেএমবি ক্যাডার আসাদ হোসেন ওরফে আওকাত এবং শফিকুল ইসলামকে গ্রেপ্তার করে। এবং জঙ্গিদের ধরতে পঞ্চগড়সহ উত্তরাঞ্চলের ১৬টি জেলায় পুলিশ সাঁড়াশি অভিযান চালিয়ে যাচ্ছে।
তানভীর তার স্বীকারোক্তিতে জানায়, দেশে ইসলামী শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে জেএমবির তিনশ’রও বেশি আত্মঘাতী সদস্য ধারাবাহিকভাবে বিচারক, ব্যাংকার, পুলিশ ও সাংবাদিক হত্যার মিশনে নিয়োজিত রয়েছে।
বিচারক হত্যার মধ্য দিয়ে তারা তাদের মিশন শুরু করেছে।
গ্রেপ্তারকৃতরা এ সমস্ত পেশাজীবীদের হত্যার অপারেশনের পেছনে তাদের যুক্তি তুলে ধরে। তাদের ভাষায় দেশে ইসলামী আইন প্রতিষ্ঠার ক্ষেত্রে এই চার পেশাজীবীর মানুষই বড় বাধা।
তানভীর জানায়, তাবলীগ জামাতের ছদ্মবেশে আত্মঘাতী স্কোয়াডের সদস্যরা তিস্তার চর ও রংপুর এলাকায় লুকিয়ে আছে। ২১ আগস্টের গ্রেনেড হামলার পরপরই তাদের পাঁচ দিনের প্রশিক্ষণ দেওয়া হয়।
আটককৃতদের স্বীকারোক্তি অনুযায়ী শায়খ আব্দুর রহমান ও বালা ভাইয়ের তত্ত্ববধানে রাজশাহীর ১৬ জেলায় প্রশিক্ষণপ্রাপ্ত জেএমবি ক্যাডাররা তাদের তৎপরতা চালিয়ে যাচ্ছে।
পঞ্চগড়ের পুলিশ সুপার শফিকুল ইসলাাম মানুষকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন। তবে তাদের জেএমবি সম্পর্কে সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
