সংসদে আবারো সাংবাদিকদের বিরুদ্ধে বিষোদগার
জাতীয় সংসদের অধিবেশনে বুধবার দ্বিতীয় দিনের মতো সাংবাদিকদের বিরুদ্ধে বিষোদগার করেছেন সরকারি দলের সাংসদরা। তারা সাংবাদিক ও সংবাদপত্র নিয়ন্ত্রনে কঠোর আইন প্রনয়নের দাবি জানান।
বুধবার স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের সভাপতিত্বে সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্ব শেষে জামায়াতে ইসলামীর সাংসদ শাহ রুহুল কুদ্দুস পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে সাংবাদিকদের বিরুদ্ধে বিষেদাগার শুরু করেন।
পরে স্পিকার নিজেও তার দেওয়া এক রুলিংয়ে ওই সাংসদের বক্তব্যকে সমর্থন করেন।
শাহ রুহুল কুদ্দুস বলেন, সাংবাদিকরা সংবাদপত্রের স্বাধীনতার সুযোগে হলুদ সাংবাদিকতা করছেন। কিন্তু তাদের কোনো বিচার হচ্ছে না। সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কঠোর আইন প্রণয়ন ও এর প্রয়োগ করা প্রয়োজন।
রুলিংয়ে স্পিকার বলেন, প্রেস কাউন্সিল আইনে সাংবাদিকদের সতর্ক করা ছাড়া আর কোনো ব্যবস্থা নেই। এর বাইরে কোনো আইনগত ব্যবস্থা নিতে হলে নতুন আইন প্রণয়ন করতে হবে।
তিনি বলেন, আগের দিনে সাংবাদিকদের প্রেস কাউন্সিল অ্যাক্ট অনুযায়ী সতর্ক করা হলে অপমান বোধ করতেন। কিন্তু আজকালকার সাংবাদিকরা কিছু মনেই করেন না। এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কঠোর আইন দরকার।
