সাংবাদিক নির্যাতনের জন্যে সরকারকে দায়ী করেছে ১৪ দল
সারাদেশে সাংবাদিক নির্যাতনের জন্যে সরকারকে দায়ী করেছেন ১৪ দলের নেতৃবৃন্দ।
পল্টন ময়দানে মহাসামবেশে সাম্প্রতিক সময়ে সাংবাদিক নির্যাতনের দুটি ঘটনা উল্লেখ করে নেতৃবৃন্দ বলেন, ফরিদপুরে সাংবাদিক হত্যা এবং সরকারের এক মন্ত্রী কতৃক সাংবাদিক নির্যাতনের ঘটনা এটাই প্রমান করে তারা সাংবাদিক নির্যাতনকারী।
সমাবেশে প্রধান অতিথির ভাষণে সংসদের বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা বলেন, এ সরকার সাধারণ জনগণের নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ।
শেখ হাসিনা বলেন, বিচারক এবং সাংবাদিকরাও জোট সরকারের হাতে নির্যাতিত হচ্ছে। এ সরকারের আমলে তাদের হাতে ১৩ জন সাংবাদিক নিহত হয়েছে।
গণফোরামের সভাপতি ড. কামাল বলেন, এ সরকার সাংবাদিক হত্যাকারীদের কোনরকম বিচারের সম্মুখীন করছে না।
ওয়ার্কাস পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু, গণফোরামের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মানিকসহ অন্যান্য নেতৃবৃন্দ সাংবাদিক নির্যাতনের জন্যে জোট সরকারকে দায়ী করেন।
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত এমপি সরকারের কড়া সমালোচনা করেন এবং গৃহায়ন ও গণপুর্ত প্রতিমন্ত্রী আলমগীর কবিরের নাম উল্লেখ করে বলেন, তার এটুকু বোঝার মতো মেধা নেই যে, সংবাদ মাধ্যম ও সাংবাদিকরা সবসময়ই তাদের মাথা উঁচু রাখবে।
মহাসমাবেশ উপস্থিত সাংবাদিকরা পরের দিকে অনুষ্ঠান কাভার করতে এসে চ্যানেল আইয়ের একজন সাংবাদিক পুলিশের হাতে নিগৃহীত ও আহত হওয়ার খবর জানতে পেলে উত্তেজিত হয়ে উঠেন।
