ট্যাংরাটিলা থেকে গ্যাস উৎপাদন শুরুর অনুমতি চেয়েছে নাইকো
কানাডীয় কোম্পানি নাইকো রিসোর্সেস ট্যাংরাটিলা নামে পরিচিত ছাতক গ্যাস ক্ষেত্রের উৎপাদন শুরুর জন্যে সরকারের কাছে অনুমতি চেয়েছে। একই সাথে কোম্পানি এর ফেনী গ্যাস ক্ষেত্র থেকে সরবরাহ করা গ্যাসের দাম নির্ধারণের ব্যাপারে এ মাসের মধ্যে সিদ্ধান্ত নেয়ার জন্যে অনুরোধ করেছে।
মঙ্গলবার নাইকো রিসোর্সেস প্রেসিডেন্ট এডওয়ার্ড এস স্যামসং জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমানের সাথে দেখা করে এ অনুরোধ করেন।
জবাবে জ্বালানি উপদেষ্টা জানান, নাইকো সরকারকে সকল ক্ষতিপূরণ প্রদানে সম্মত হলে ট্যাংরাটিলা থেকে গ্যাস উৎপাদন শুরুর অনুমতি দেওয়া হবে।
তিনি ফেনী থেকে বর্তমানে যে গ্যাস সরবরাহ নেয়া হচ্ছে, তার দাম নির্ধারণের কাজ দ্রুত শেষ করার ব্যাপারে উদ্যোগ নেয়ার কথা জানান নাইকো প্রেসিডেন্টকে।
চলতি বছরের শুরু থেকে নাইকো ফেনী গ্যাস ফিল্ড থেকে গ্যাস সরবরাহ দিচ্ছে। দু’ দফায় আগাম হিসেবে পেট্রোবাংলা নাইকো বাংলাদেশকে কিছু অর্থ প্রদান করেছে।
কিন্তু গ্যাসের দাম নির্ধারণের ব্যাপারে এখনও পেট্রোবাংলা ও নাইকো ঐকমত্যে পৌঁছাতে পারেনি। নাইকো ফেনীর প্রতি হাজার ঘনফুট গ্যাসের জন্যে ২ দশমিক ৩৫ মার্কিন ডলার দাম নির্ধারণের অনুরোধ করেছে। কিন্তু পেট্রোবাংলা সর্বোচ্চ ২ দশমিক ১০ মার্কিন ডলার দাম দিতে সম্মত হয়েছে।
এদিকে ট্যাংরাটিলা দুর্ঘটনার পর নাইকো স্থানীয় জনগণের ক্ষতিপূরণ হিসেবে সরকারের দেওয়া হিসাব অনুযায়ী পুরো অর্থ প্রদান করেছে। গত মাসে তারা রিলিফ কূপ খননের কাজও সফলভাবে শেষ করেছে।
জ্বালানি উপদেষ্টা বলেছেন, নাইকোকে সরকারের চাওয়া ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারে সম্মত হতে হবে।
জ্বালানি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পরিবেশের ক্ষতি ৭৬ কোটি ৮০ লাখ টাকাসহ ৩ বিসিএফ গ্যাসের ক্ষতিপুরণ দাবি বর্তমানে আইন মন্ত্রণালয়ের মতামতের অপেক্ষায় আছে। আগামী সপ্তাহে এ দাবি নাইকোর কাছে পেশ করা হতে পারে।
অন্যদিকে সর্বোচ্চ ৫২ বিসিএফ গ্যাস ক্ষতি হয়ে থাকতে পারে, এ বিষয়ে দাবিনামায় বলা হবে, উৎপাদনে যাওয়ার পর এটি সত্য প্রমাণ হলে এ দাবিও নাইকোকে পূরণ করতে হবে।
