সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ৪৮ ঘন্টার আলটিমেটাম
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন নাটকীয়ভাবে গ্রেপ্তার হওয়া পরিবহন নেতা মুজিবুর রহমানের মুক্তিসহ তাদের দাবিসমূহ মেনে নিতে সরকারকে ৪৮ ঘন্টার সময়সীমা বেঁধে দিয়েছে।
২৩ নভেম্বরের মধ্যে তাদের দাবিসমূহ মেনে না নিলে ২৪ নভেম্বর সকাল ৬ টা থেকে তারা দেশব্যাপী পরিবহন ধর্মঘটের ডাক দেবে বলে ঘোষণা দেয়।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির এক জরুরী সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সরকার সৃষ্ট পাতানো ধর্মঘট খেলার ফাঁদে পা না দেওয়ার আহ্বান জাননো হয়।
সভায় উদ্বেগ ও নিন্দা প্রকাশ করে বলা হয়, ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও উত্তরবঙ্গ আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক মজিবুর রহমানকে সরকার হীনস্বার্থ চরিতার্থ করার লক্ষ্যে নাটকীয়ভাবে গ্রেপ্তার করেছে। এর উদ্দেশ্য শ্রমিকদের সেন্টিমেন্ট সৃষ্টি করে পরিবহন ধর্মঘট ডেকে ২২ নভেম্বরের ১৪ দলের মহাসমাবেশে লোক সমাগমে বাধা সৃষ্টি করা।
সভায় উদ্বেগ প্রকাশ করে বলা হয়, ধর্মঘট চলাকালে পুলিশ ও র্যাবের উপস্থিতিতে ঢাকায় বিএনপি ক্যাডাররা গাড়ি ভাংচুর করেছে। তারা ঢাকার বিভিন্ন টার্মিনালে মাইকিং করছে, পরিবহন মালিকদের ফোনে এবং তাদের অফিসে ও বাসায় গিয়ে হুমকি দিচ্ছে। গাবতলীতে গাড়ি চালতে বাধা দিচ্ছে পুলিশ।
সভায় মুজিবুর রহমানের মুক্তি ও উত্তরবঙ্গ আঞ্চলিক কমিটির ৫৪ দফা, সরকারের সাথে ফেডারেশনের চুক্তিসমূহের বাস্তবায়ন, পরিবহর সেক্টরে মালিক শ্রমিকদের সম্যসা নিরসন, কেন্দ্রীয় ফেডারেশনের ৩ দফা দাবি বাস্তবায়নের জন্যে সরকারকে ৪৮ ঘন্টা সময়সীমা বেঁধে দেয়।
সভায় অনান্যের মধ্যে উপিস্থত ছিলেন শাজাহান খান এমপি, ওসমান আলী, আ রহিম দুদু, সেলিম আহমেদ, সাদিকুর রহমান হিরু, রফিকুল সালাম প্রমুখ।
