৫ বছরের মধ্যে ১০ কোটি লোককে জাতীয় পরিচয়পত্র দেওয়া হবে: বাবর
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেছেন, আগামী পাঁচ বছরের মধ্যে দেশের ১০ কোটি মানুষকে জাতীয় পরিচয়পত্র দেওয়া হবে। এজন্যে গৃহীত প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে চলছে।
জাতীয় সংসদে সোমবার এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
সরকার দলীয় সাংসদ ড. সৈয়দ মকবুল হোসেনের অপর এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, হাতে লেখা পাসপোর্টের কারণে বাংলাদেশীদের বিভিন্ন বিদেশি এন্ট্রি পয়েন্টে সমস্যার শিকার হতে হয়। এজন্যে সরকার মেশিনে পাঠযোগ্য পাসপোর্ট প্রবর্তনের কর্মসূচি হাতে নিয়েছে। এসব পাসপোর্টে ছাপার অক্ষরে বিবরণ ও গোপনীয় বারকোড থাকবে।
