২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চগড় সুগার মিলে ২৫ নভেম্বর থেকে আখ মাড়াই শুরু

জেলার একমাত্র ভারি শিল্প--প্রতিষ্ঠান পঞ্চগড় সুগার মিলে আগামী ২৫ নভেম্বর থেকে ২০০৫--০৬ চলতি মৌসুমের আখ মাড়াই শুরু হবে।

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2005, 08:32 AM

Updated : 26 Apr 2022, 06:19 PM

এ মৌসুমে পঞ্চগড় সুগার মিল কর্তৃপক্ষ এক লাখ ১৫ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে নয় হাজার সাতশ’ ৭৫ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এ জন্য সুগার মিলের সব বিভাগে প্রস্তুতি চলছে বেশ জোরেসোরে। চলতি মৌসুমে এখানে নয় হাজার দুইশ’ ৩২ একর জমিতে আখ চাষ হয়েছে।

জানা গেছে, শিল্প মন্ত্রণালয়ের সহায়তায় মিল কর্তৃপক্ষ চাষীদের সুবিধা বৃদ্ধির লক্ষে ঋণি--অঋণি ও মুড়ি আখ চাষে প্রায় পাঁচ কোটি টাকা ঋন দেওয়ার প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে। বিনিয়োগ কর্মসূচির আওতায় সহজ শর্তে আখ চাষীদের মধ্যে এ ঋণ বিতরণ করা হবে।

মিল কর্তৃপক্ষ জানায়, আগামী ২০০৬--০৭ আখ মাড়াই মৌসুমের জন্য ১১ হাজার একর জমিতে আখ চাষের মাধ্যমে এক লাখ ৩৯ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে প্রায় ১১ হাজার পাঁচশ’ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যে আগাম প্রস্তুতি হিসেবে শিল্প মন্ত্রণালয়ের ভর্তুকিকৃত অর্থ তিন ক্যাটাগরিতে প্রদান করবে এবং আখের মূল্য দফায় দফায় বাড়ানোরও সিদ্ধান্ত নিয়েছে। এ সিদ্ধান্তের অংশ হিসেবে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প কর্পোরেশন চলতি মৌসুমে আখের মূল্য প্রতি মণ মিল গেটে চার টাকা এবং ক্রয় কেন্দ্রে তিন টাকা বৃদ্ধির ঘোষণা করেছে।

পঞ্চগড় সুগার মিলের ব্যবস্থাপক ফয়েজ আহাম্মদ বিডিনিউজকে জানান, দেশের অন্যান্য সুগার মিলের চেয়ে পঞ্চগড় সুগার মিলের অবস্থা বেশ ভাল। গত মাড়াই মৌসুমে মিল লাভবান হতে না পারলেও আশা করা হচ্ছে চলতি মৌসুমে লাভের মুখ দেখবে।