২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর দপ্তরের একটি বিশেষ মহল কিবরিয়া হত্যা তদন্তকে প্রভাবিত করছে: আসমা কিবরিয়া

গ্রেনেড হামলায় নিহত সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার স্ত্রী আসমা কিবরিয়া রোববার অভিযোগ করেছেন, প্রধানমন্ত্রীর দপ্তরের একটি বিশেষ মহল তার স্বামীর হত্যার তদন্তের স্বাভাবিক প্রক্রিয়াকে প্রভাবিত ও নিয়ন্ত্রণ করছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2005, 10:02 PM

Updated : 26 Apr 2022, 06:18 PM

বিডিনিউজ--এর সঙ্গে বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন, প্রধানমন্ত্রী মামলার তদারকি করবেন বলেছিলেন। কিন্তু আমি জানতে পেরেছি, তার দপ্তরের কেউ একজন তদন্তের স্বাভাবিক প্রক্রিয়াকে প্রভাবিত ও নিয়ন্ত্রণ করছে।

চলতি বছরের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যর বাজারে অনুষ্ঠিত জনসমাবেশে শেষ হওয়ার পরপরই গ্রেনেড হামলায় কিবরিয়া নিহত হন।

আসমা বলেন, এখনও কিবরিয়া হত্যার মূল পরিকল্পনাকারী সনাক্তকরণের ব্যাপারে তেমন কোনও অগ্রগতি হয়নি। হত্যার প্রধান আসামি আব্দুল কাইয়ুমকে গ্রেপ্তার করা হলেও সে কোত্থেকে গ্রেনেড পেয়েছিল, তা উদ্ধার করা যায়নি বা জানার চেষ্টা করা হয়নি।

আসমা কিবরিয়া তদন্ত প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে সন্দেহ প্রকাশ করেন। কেননা প্রধান আসামি কাউয়ুমের ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দির রেকর্ড ছাড়াই চার্জশিট জমা দেওয়া হয়।

তিনি বলেন, হবিগঞ্জের নিু আদালত তাদের নারাজি আবেদন খারিজ করলেও আরও তদন্তের দাবি জানিয়ে তারা হাইকোর্টে রিট আবেদন দায়ের করেছেন। সোমবার আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে।

যথাযথ তদন্ত প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করায় তিনি প্রধানমন্ত্রীর দপ্তরের বিরুদ্ধে অভিযোগ করেন। তিনি প্রশ্ন তোলেন, এটিই কি প্রধানমন্ত্রীর দপ্তরের নিরপেক্ষতার নমুনা ?

হবিগঞ্জের তৎকালীন ডেপুটি কমিশনার এমদাদুল হক পরোক্ষভাবে ষড়যন্ত্রকারীদের সহায়তা করেছে  বলে তিনি ইঙ্গিত করেন।

তিনি বলেন, সরকার এই মামলার ন্যায় বিচারের প্রতি সচেষ্ট বা অঙ্গীকারবদ্ধ নয়। ন্যায়বিচার বন্ধের চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে প্রধানমন্ত্রীর দপ্তরের এক পরিচালক (প্রশাসন শাখা) সুলতান মাহবুবকে হবিগঞ্জের ডিপুটি কমিশনার (ডিসি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।

আসমা কিবরিয়া ডিসিকে পত্যাহারের দাবি জানিয়ে প্রশ্ন করেন, কীভাবে হবিগঞ্জ এত গুরুত্বপূর্ণ স্থানে পরিণত হলো যে, তারা একটি স্থানীয় প্রশাসনের সর্বোচ্চ পদে নিজেদের লোক বসালো।

মামলার তদন্তে বাংলাদেশে যখন এফবিআই এসেছিল, তখন প্রধান আসামি কাইয়ুমের ইচ্ছে থাকা সত্ত্বেও তাকে বিস্তারিত কথা বলতে দেওয়া হয়নি। এটিা রহস্যজনক।

আসমা কিবরিয়া এফবিআই বা ইন্টারপোলের মাধ্যমে এসএএমএস কিবরিয়া হত্যার নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্ত দাবি করে বলেন, কাইয়ুমের বক্তব্য রেকর্ড করা হয়নি। কেননা এটি সরকারের জন্যে বিপদ সৃষ্টি করতে পারতো।

বাংলাদেশের গোয়েন্দা বাহিনীর ওপর আস্থা রেখে তিনি বলেন, নিরপেক্ষভাবে কাজ করার সুযোগ পেলে আমাদের গোয়েন্দা বিভাগই যথেষ্ট। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে, বিশেষ করে উচ্চ পর্যায়ের রাজনৈতিক গুরুত্বপূর্ণ মামলাগুলোয় তারা নিরপেক্ষভাবে কাজ করার সুযোগ পায় না।