খুলনায় সাংবাদিক বেলাল হত্যা মামলায় শিবির ক্যাডার ধীরাসহ ৬ জনকে আসামি করে চার্জশিট প্রদান
দৈনিক সংগ্রামের ব্যুরো প্রধান ও খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের (এমইউজে) সভাপতি শেখ বেলাল উদ্দিন হত্যা মামলার চার্জশিট রোববার খুলনা মুখ্য মহানগর হাকিমের আদালতে দাখিল করা হয়েছে।
হামলার মূল পরিকল্পনাকারী সাবেক শিবির ক্যাডার শাহাবুদ্দিন লস্কর ধীরাকে প্রধান আসামি করে ছয় জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে। খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হোসেন এ চার্জশিট প্রদান করেন।
চার্জশিটভুক্ত অন্য আসামিরা হচ্ছে- চরমপন্থি নেতা চৌধুরী রফিকুল ইসলাম হাসান, ইউনুস ওরফে গদা ইউনুস, ইকবাল হোসেন স্বাধীন, মিরাজুল ইসলাম ওরফে মিরাজ এবং এখলাসুর রহমান ওরফে এখলাস। এদের মধ্যে ধীরা ছাড়া বাকিরা জেল হাজতে রয়েছে।
গত ৫ ফেব্র“য়ারি রাতে খুলনা প্রেসক্লাব চত্ত্বরে সন্ত্রাসীদের বোমা হামলায় সাংবাদিক বেলাল উদ্দিন, রফিউল ইসলাম টুটুল ও ফটো সাংবাদিক জাহিদুল ইসলাম আহত হন। গুরুতর অবস্থায় বেলাল উদ্দিনকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ১১ ফেব্র“য়ারি তিনি মারা যান।
