ইটিভি চেয়ারম্যানের ৪ মাসের আগাম জামিন লাভ
তালাকপ্রাপ্ত স্ত্রী ও সরকারের দায়ের করা তিনটি ফৌজদারি মামলায় হাইকোর্ট রোববার একুশে টেলিভিশনের (ইটিভি) চেয়ারম্যান আবদুস সালামকে চার মাসের আগাম জামিন দিয়েছেন।
আবদুস সালামের দায়ের করা পৃথক জামিন আবেদনের শুনানি শেষে বিচারপতি এমএ রশিদ ও বিচারপতি এটিএম ফজলে কবিরের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালত একই সাথে এসব মামলায় আবদুস সালামকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না তা জানিয়ে সরকারের প্রতি একটি কারণ দর্শানো রুল জারি করেছেন। আগামী চার সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
ইটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আবদুস সালাম রোববার সশরীরে আদালতে হাজির হয়ে এ জামিন আবেদন করেন।
আবদুস সালামের তালাকপ্রাপ্ত স্ত্রী ফারজানা শিল্পী ও কাফরুল থানার সাব ইন্সপেক্টর (এসআই) চলতি বছরের ৭ ও ১৯ অক্টোবর কাফরুল থানায় ও মুখ্য মহানগর হাকিমের আদালতে তিনটি ফোজদারি মামলা দায়ের করেন।
হাইকোর্ট ২৫ ও ২৭ অক্টোবর এসব মামলায় ২০ নভেম্বর পর্যন্ত আবদুস সালামকে গ্রেফতার বা হয়রানি না করতে সরকারকে নির্দেশ দেন। পাশাপাশি আবদুস সালামকে ২০ নভেম্বরের মধ্যে নিু আদালতে আত্মসমর্পণ করতে বলেন আদালত।
আবেদনকারীর পক্ষে আদালতে জামিন আবেদনের শুনানি পরিচালনা করেন অ্যাড. টিএইচ খান ও ড. কামাল হোসেন। তাদের সহযোগিতা করেন ব্যারিস্টার তানজিবুল আলম, ব্যারিস্টার সারাহ হোসেন ও অ্যাড. রেজিনা চৌধুরী।
অপরদিকে সরকার পক্ষে আদালতে উপস্থিত থেকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম ওয়ালিউর রহমান এ আবেদনের বিরোধিতা করেন।
