খুলনার ঘাট এলাকা আবারও উত্তপ্ত হয়ে উঠেছে
খুলনার বহুল আলোচিত ৭ নং ঘাট এলাকা আবার উত্তপ্ত হয়ে উঠেছে। ঘাট নিয়ন্ত্রণ নিয়ে বিভিন্ন গ্রুপ সক্রিয় হওয়ায় অনাকাঙ্খিত ঘটনার আশংকা প্রকট হয়েছে।
জানা যায়, অতীতে খুলনার ঘাট সন্ত্রাসের নিয়ন্ত্রক ছিল এরশাদ শিকদার, মোসলেম-বাবুল। কিন্তু এরশাদ শিকদারের ফাঁসি ও অন্য দু’জনের অস্বাভাবিক মৃত্যুর পর তাদের অনুসারীরা গত কয়েক বছর ধরে ঘাট এলাকা দখলের জন্য মরিয়া হয়ে ওঠে। সৃষ্টি হয় একাধিক গ্রুপ। হামলা-মামলা চলতে থাকে একের পর এক। এত কিছুর পরও ওই সময় ঘাটে শ্রমিকদের কাজ থেমে থাকেনি।
সূত্র জানায়, দীর্ঘদিন থেকেই মেসার্স মনি এন্টারপ্রাইজ নামক মংলা বন্দর কর্তৃক ঠিকাদারী লাইসেন্সের অনুকুলে মেসার্স ছন্দা এন্টারপ্রাইজ নামক একটি প্রতিষ্ঠান ঘাটের যাবতীয় মালামাল লোড-আনলোডের দায়িত্ব পালন করে আসছিল। শ্রমিকদের ন্যায্য মুজুরি প্রদানের কারণে প্রতিষ্ঠানটি অল্প সময়েই সুনাম অর্জন করে।
কিন্তু হঠাৎ করে গত ১৫ নভেম্বর সাগর এন্টারপ্রাইজ নামক একটি প্রতিষ্ঠানের ব্যানারে কতিপয় ব্যক্তি ছন্দা এন্টারপ্রাইজের কাছে মোটা অংকের চাঁদার দাবিতে ঘাটের মালামাল লোড-আনলোড বন্ধ করে দেয়। এর কারণ হিসেবে জানা যায়-একটি সশস্ত্র গ্রুপ ঘাট দখলের পায়তারা করছে। এতে চরমভাবে আর্থিক ক্ষতির সম্মুখিন হয়েছে মেসার্স ছন্দা এন্টারপ্রাইজ নামক ঠিকাদারী প্রতিষ্ঠানটি।
এদিকে কাজ না থাকায় ঘাট এলাকার শ’শ’ শ্রমিক মানবেতর জীবন যাপন করছে।
