বাঁশখালী গণহত্যায় আমিন চেয়ারম্যানের গ্রেফতার দাবি
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ চট্টগ্রাম নেতৃবৃন্দ বাঁশখালীতে ১১ জনকে পুড়িয়ে মারার অন্যতম হোতা বিএনপি নেতা আমিনুর রহমান চেয়ারম্যানের গ্রেফতারের দাবি জানিয়েছে।
শুক্রবার বিকেলে চট্টগ্রাম শহীদ মিনার চত্বরে বাঁশখালী গণহত্যার দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আয়োজিত প্রতিবাদ সমাবেশে নেতৃবৃন্দ এই দাবি জানান।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, আমিন চেয়ারম্যান এই গণহত্যাসহ বাঁশখালীতে সংঘটিত আরো অনেক অপরাধের মূল পরিকল্পনাকারী। কিন্তু সরকারী দলের নেতা ও প্রতিমন্ত্রীর চাচাতো ভাই হওয়ায় প্রশাসন তাকে রক্ষার চেষ্টা করছে।
দুই বছর অতিক্রান্ত হলেও বিচারতো দূরের কথা, এই নৃশংস হত্যাকান্ডের আজ পর্যন্ত চার্জশীট দেয়া হয়নি। আমিন চেয়ারম্যানকে বাদ দিয়ে চার্জশিট দেয়া হলে সচেতন দেশবাসী কিছুতেই মেনে নেবেনা বলে বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করেন।
প্রবীন বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রতিবাদ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক রঞ্জিত কুমার দে, এ্যাডভোকেট রানা দাসগুপ্ত, ড. জিনোবোধি ভিক্ষু, ফাদার যোসেফ গোমেজ, অধ্যাপক শফিউল আলম এবং নারী নেত্রী নুরজাহান খান।
১৮ নভেম্বর ২০০৩ বাঁশখালীর সাধনপুরে শীলপাড়ায় সশস্ত্র ডাকাতরা এক হিন্দু পরিবারের মাটির তৈরি দোতলা বাড়িতে বাহির থেকে দরজা আটকিয়ে আগুন ধরিয়ে দিলে ওই পরিবারের এগারোজন জীবন্ত দগ্ধ হয়ে মারা যায়।
