নির্ভিক সাংবাদিক গৌতম দাসের শেষকৃত্ত সম্পন্ন, শোকর্যালিতে হাজার হাজার মানুষের উপস্থিতি
নির্ভীক সাংবাদিক, দৈনিক সমকাল’র ব্যুরো প্রধান গৌতম দাসকে শুক্রবার নিজ গ্রামের বাড়িতে তার প্রপিতামহের পাশে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে।
এদিকে নৃশংস এই হত্যাকান্ডের একদিন পরও কোন আসামি গ্রেফতার করতে না পারায় প্রতিবাদে ফুসে উঠেছে ফরিদপুরের সর্বস্তরের মানুষ। নির্মম এই হত্যাকান্ডের প্রতিবাদ ও খুনীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে প্রকম্পিত ছিলো জেলা শহরের প্রতিটা এলাকা।
এদিকে বৃহস্পতিবার রাতেই সমকালের স্টাফ রিপোর্টার হাসানুজ্জামান বাদি হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে ফরিদপুর কোতয়ালি থানায় মামলা দায়ের করেছেন।
ফরিদপুরের পুলিশ সুপার আবদুল জলিল বলেন, তদন্ত অব্যাহত আছে। আমরা আশা করছি দ্রুত এ হত্যাকান্ডের রহস্য উদঘাটন করতে পারব।
শুক্রবার সকাল ১০ টায় গৌতম দাসের লাশ ফরিদপুর প্রেসক্লাবে এনে রাখা হয়। এসময় হাজার হাজার মানুষ তাকে শেষবারের মতো শ্রদ্ধা নিবেদনের জন্যে সেখানে উপস্থিত হয়। বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন, রাজনৈতিক দল ও শ্রেনী পেশার মানুষ তার কফিনে পুস্পস্তবক অর্পন করেন। ১১ টায় প্রেসক্লাব থেকে গৌতমের কফিন নিয়ে শুরু হয় অন্তিম শোকযাত্রা। শেষ হয় জনতা ব্যাংকের মোড়ে। সেখানে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন দৈনিক সমকাল’র প্রকাশক একে আজাদ ও প্রেসক্লারে সাবেক সভাপতি ইমামুল আজম বাবু।
বেলা সাড়ে এগারোটায় ফরিদপুরের জনতা ব্যাংকের মোড় থেকে গৌতম দাসের শবদেহ নিয়ে যাওয়া হয় তার ভাঙ্গায়। সেখানে তার কফিনে ভাঙ্গার বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন, রাজনৈতিক দল ও সাধারণ মানুষরা পুস্পস্তবক অর্পন করেন। এরপর তার মরদেহ নিয়ে যাওয়া হয় গ্রামের বাড়ি ভাঙ্গা উপজেলার চন্ডীদাসদী গ্রামে। ভাঙ্গা থেকে চন্ডীদাসদী পর্যন্ত প্রায় দুই কিলোমিটার রাস্তার দুপাশে হাজার হাজার নারী পুরুষ তাদের এলাকার কৃতি সন্তান গৌতমকে শেষবারের মতো এক দেখতে ভিড় জমায়।
এদিকে, নৃশংস এই হত্যাকান্ডের প্রতিবাদে ফরিদপুরের সাংবাদিকরা চারদিনের কর্মসূচি ঘোষণা করেছে। শনিবার তারা স্থানীয় প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বরাবরে এক স্মারকলিপি পেশ করবেন।
এছাড়া, হত্যাকান্ডের প্রতিবাদে জেলা আওয়ামী লীগ শনিবার সকালে শহরের জনতা ব্যাংক মোড়ে প্রতিবাদ সমাবেশ পালন করবে।
