জেএমবি’র সুইসাইড স্কোয়াড ঠেকাতে রাজধানীর মসজিদ গুলোতে কড়া নজরদারি
নিষিদ্ধ ইসলামী সংগঠন জামা’আতুল মুজাহেদীন বাংলাদেশ (জেএমবি) এবং জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশ’র (জেএমজেবি) ‘সুইসাইড স্কোয়াড’ এর কোন সদস্য যাতে রাজধানীর কোন মসজিদের ভেতরে আশ্রয় নিয়ে নাশকতামূলক কাজ না করতে পারে এ জন্য ঢাকার বিভিন্ন মসজিদের উপর কড়া নজরদারি শুরু করেছে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা।
এছাড়াও, মসজিদ-কেন্দ্রিক নাশকতা ঠেকাতে শুক্রবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ রাজধানীর নামকরা মসজিদগুলোর চারদিকে জুম্মার নামাজের সময় মোতায়েন করা হয় সাদা পোশাকের অতিরিক্ত পুলিশ ও র্যাব সদস্য।
সাম্প্রতিক সময়ে রাজধানীর বিভিন্ন প্রতিষ্ঠানে বিশেষ করে অভিজাত বিপনী বিতান এবং ভিআইপিদের উপর অব্যাহত হুমকি, জুম্মার নামাজের সময় নাশকতার আশঙ্কার কথা বিবেচনা করেই এই কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয় ।
র্যাব-৪ এর উপঅধিনায়ক মেজর এহতেশামুস সামাদ ঢাকার মসজিদগুলোর সামনে জুম্মার নামাজের আগে এবং পরবর্তী সময়ে নজরদারি জোরদারের কথা স্বীকার করেন।
গোয়েন্দা ও র্যাব সূত্র জানায়, জুম্মার সময় বায়তুল মোকাররমসহ রাজধানীর নামকরা মসজিদগুলোর আশপাশেও মোতায়েন ছিলো বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্য। এছাড়া সাদা পোশাকে র্যাব গোয়েন্দা ইউনিট এবং তাদের বিভিন্ন ব্যাটালিয়নের সদস্যরাও মসজিদ গুলোর আশপাশে ডিউটি করেছে।
র্যাব সদর দফতরের এক উর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, দেশব্যাপী অব্যাহত হুমকি, মাজারগুলোতে বোমা হামলা, অতীতে জুম্মার নামাজের পরপরই বিভিন্ন হত্যা-যেমন মিরপুরে ব্যবসায়ী শহীদুল এবং পুরনো ঢাকায় যুবদল নেতা সগীর-এসব বিবেচনা করে মসজিদগুলোকে কড়া নজরদারির আওতায় আনা হয়েছে।
এছাড়া মসজিদের ভেতরে যাতে জেএমবি’র আত্মঘাতি দলের কোন সদস্য আশ্রয় নিয়ে নাশকতামূলক কাজ না করতে পারে এ বিষয়েও তাদের সতর্ক থাকতে বলা হয়েছে।
এদিকে ঝালকাঠিতে জেএমবি’র ‘সুইসাইড স্কোয়াড’ এর হাতে দুই বিচারককে নিহত হওয়ার পর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ওই স্কোয়াডের সদস্যদের গ্রেফতারের নির্দেশ দিলেও গ্রেফতার অভিযানে কোন সফলতা পায়নি পুলিশ, গোয়েন্দা সংস্থা এবং র্যাব সদস্যরা।
ওই হামলায় জেএমবি’র ‘সুইসাইড স্কোয়াড’ এর সদস্য মামুনকে আহত অবস্থায় ঘটনাস্থল থেকেই গ্রেফতার করেছে পুলিশ।
গোয়েন্দা সূত্র জানায়, বর্তমানে দেশব্যাপী জেএমবি এবং অপর নিষিদ্ধ সংগঠন জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশ (জেএমজেবি) এর প্রায় দশ হাজার সদস্য রয়েছে যারা এই ‘সুইসাইড স্কোয়াড’ বা ‘আত্মঘাতি দল’ এ সক্রিয় রয়েছে।
জঙ্গী বিরোধী অভিযান জোরদার এবং সফল করতে বৃহস্পতিবার স্পেশাল ব্রাঞ্চ (এসবি) এবং সিআইডি বিশেষ বৈঠক করেছে বলে পুলিশের একটি সূত্র জানায়।
বিচারকদ্বয়-সোহেল আহমেদ এবং জগন্নাথ পাঁড়েই বাংলাদেশে প্রথম যারা কোন নিষিদ্ধ ইসলামি আত্মঘাতি দলের বোমায় নিহত হলেন। এর আগে জেএমবি’র নৃশংস হামলায় হতাহতের ঘটনা থাকলেও ওই হামলার দায়িত্ব সংগঠনের ‘সমর গ্রুপের’ হাতে ন্যস্ত ছিলো।
এদিকে, সার্ক সম্মেলনের আগের দিন ই-মেইলে ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে হত্যা হুমকির রহস্য এখনও বের করতে পারেনি আইনপ্রয়োগকারী সংস্থা সদস্যরা।
এলিট র্যাবকে এ সংক্রান্ত দায়িত্ব দেওয়া হলেও তারা ব্যর্থ হয়েছে।
ওই হুমকির পরপরই মোহাম্মদপুর থেকে পাঁচজনকে র্যাব সদর দপ্তরের গোয়েন্দা ইউনিটের সদস্যরা গ্রেপ্তার করলেও পাঁচ দিন জিজ্ঞাসাবাদ শেষে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদকালে তাদের ব্যাপক নির্যাতনের অভিযোগও পাওয়া গেছে।
গ্রেপ্তারের পর র্যাব থেকে দাবি করা হয়েছিল যে আটক সুমন এবং তার মামা মফিদুলের ব্যবহৃত কম্পিউটার থেকেই ওই হুমকি পাঠানো হয়েছে। অথচ পাঁচদিন ব্যাপক জিজ্ঞাসাবাদ শেষে কোন প্রমাণ না পাওয়ায় তাদের ছাড়তে বাধ্য হয়েছে র্যাব।
সুমন এবং তার মামা মফিদুল ইসলাম এবং তাদের কোম্পানির অপর তিন সদস্যকে মোহাম্মদপুরের তাজমহল রোডের ২৩/১৫ নম্বরের বাসা থেকে ১১ নভেম্বর রাতে আটক করে র্যাব।
