ডোমার সীমান্তে এক সেনা সদস্যের বাড়িতে বোমা বিস্ফোরণ
নীলফামারীর ডোমার উপজেলার ভোগডাবুরি ইউনিয়নের সীমান্তগ্রাম গোসাইগঞ্জে এক সেনা সদস্যের বাড়ির আঙ্গিনায় পুঁতে রাখা বোমার বিকট বিস্ফোরণে শুক্রবার সকালে প্রকম্পিত হয়েছে আশেপাশের কয়েকটি গ্রাম।
বিস্ফোরণে আহত হয়েছে ওই সেনা সদস্যের আট বছরের এক শিশুপুত্র। বিস্ফোরণের ঘটনার রহস্য জানা যায়নি।
বগুড়া সেনানিবাসে কর্মরত সিপাহী আবু সাঈদের আট বছরের পুত্র সাব্বির ও ছয় বছরের পুত্র শাকিল সকাল ১০ টার দিকে বাড়ীর আঙ্গীনায় শাবল নিয়ে খেলছিল। এ সময় সাব্বির শাবল দিয়ে মাটিতে কোপ দিলে বিকট শব্দে এই বিস্ফোরণ ঘটে। এতে সাব্বিরের বাম হাতের সব ক’টি আঙ্গুল ছিড়ে যায়। তাকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচ-এ ভর্তি করা হয়েছে। গত ১৭ আগস্ট সারা দেশে বিস্ফোরিত বোমা সাদৃশ্য এই বোমাটিতে কোন স্পিøন্টার না থাকায় তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি।
পুলিশ সুপার সোয়েব আহমেদ বিকট শব্দে বিস্ফোরণের কথা স্বীকার করলেও তা বোমা বা বিস্ফোরক বলে স্বীকার করতে অস্বীকৃতি জানিয়েছেন। উদ্ধারকৃত আলামত পরীক্ষা-নীরিক্ষার জন্য সেনাবাহিনীর বোমা বিশেষজ্ঞদের কাছে পাঠানো হয়েছে।
জেলা প্রশাসক রবীন্দ্রনাথ রায় চৌধুরী দুর্ঘটনাস্থল ঘুরে এসে বলেছেন, বিস্ফোরণের স্থানটি যথা সময়ে কর্ডন করতে না পারায় তেমন কোন আলামত উদ্ধার করা যায়নি।
