সড়ক দুর্ঘটনায় পুলিশের দুই সদস্য নিহত
ব্রাহ্মণবাড়িয়া ও রাজশাহীতে পৃথক সড়ক দুর্ঘটনায় পুলিশের দুই সদস্য নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও দুই জন।
বিডিনিউজ ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, ঢাকা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার ইসলামপুরের কাছে বারঘরিয়া নামক স্থানে শুক্রবার ভোর পাঁচটার দিকে পুলিশের রেশনের চিনিবাহী একটি ট্রাক উল্টে আর্মড পুলিশের একজন কনস্টেবল নিহত এবং অপর দুই পুলিশ সদস্য আহত হয়েছে।
নিহত কনস্টেবলের নাম আবদুর রাজ্জাক। তার বাড়ি টাঙ্গাইলে।
পুলিশ জানায়, সিলেটের দশম আর্মড ব্যাটেলিয়নের জন্যে নাটোর থেকে রেশনের চিনি নিয়ে যাওয়ার পথে ট্রাকের (পাবনা ১১-০০৯৫) চালক ঘুমিয়ে পড়লে ট্রাকটি উল্টে পাশের খাদে পড়ে যায়।
এতে কনস্টেবল আবদুর রাজ্জাক ঘটনাস্থলেই নিহত হয়।
এ সময় এসআই আবদুস সেলিম ও কনস্টেবল মোহাম্মদ সালেক গুরুতর আহত হয়।
নিহত কনস্টেবলের লাশ ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ রাজশাহী প্রতিনিধি জানান, রাজশাহী মহানগরীতে নৈশ কোচের ধাক্কায় বৃহস্পতিবার গভীর রাতে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। নিহতের নাম বাহার উদ্দিন এবং বাড়ি পাবনা জেলার ভাঙ্গুরা উপজেলায়।
চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী খালেক এন্টারপ্রাইজের একটি নৈশ কোচ নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে। এ সময় পুলিশের সদস্য বাহার টহল ডিউটিতে ছিলেন।
দুর্ঘটনার পর কোচের চালক পালিয়ে যায়। পুলিশ ঘাতক কোচসহ এর সুপারভাইজার আব্দুল গাফফারকে আটক করেছে।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্ত শেষে নিহতের লাশ তার গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।
