২৭তম বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ
২৭তম বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার অনুষ্ঠিত এ পরীক্ষায় ফাঁস হয়ে যাওয়া প্রশ্ন থেকে ৮০-৯৫ টি প্রশ্ন পরীক্ষায় এসেছে বলে সুত্র জানায়। এদিকে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে শুক্রবার বিকেলে বিভিন্ন ছাত্রসংগঠন প্রতিবাদ মিছিল বের করে।
বৃহস্পতিবার রাত এগারটার পর থেকে ঢাকা, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল এবং বিভিন্ন মেসে বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র দেখা গেছে বলেও সূত্র নিশ্চিত করেছে। এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন ক্যাম্পাসে প্রশ্নপত্র পাওয়া গেছে। তবে এরারের প্রশ্নপত্র মূলত ফাঁস হয়েছে মোবাইল ফোনে।
শুক্রবার সকালে ২৭তম বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে, এর আগে বৃহস্পতিবার রাত ১১টার পর থেকেই পরীক্ষার্থীরা পরীক্ষার প্রশ্ন পেয়ে যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদ্দিন হল, জহরুল হক হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রভৃতি হলের পরীক্ষার্থীরা মোবাইলে প্রশ্ন পায়। শুক্রবার ভোরবেলায় জসীমউদ্দিন হলে ১১২ টি প্রশ্ন পাওয়া যায় যার মধ্যে থেকে ৯৫ টিই পরীক্ষায় এসেছে।
বৃহস্পতিবার রাত এগারটার পর অনেক পরীক্ষার্থীই মোবাইলে বিসিএসের প্রায় ১১২টি প্রশ্ন লিখে নিয়েছে। তারা আরো জানায়, যারা এ প্রশ্ন পেয়েছে পরীক্ষার পর দেখা গিয়েছে তাদের বেশির ভাগেরই ৮০ থেকে ৯৫ টি প্রশ্ন কমন পড়েছে।
তবে প্রশ্ন পেয়েও প্রশ্ন ফাঁসের ঘটনা ভুয়া মনে করে অনেকেই তা নেয়নি।
এ প্রশ্ন ফাঁসের মূল উৎস কোথায় তা জানেন না অবিযোগকারীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসিএস পরীক্ষার্থী ইশতিয়াক হুসাইন জানান, রুমে অন্য পরীক্ষার্থীরা প্রশ্ন পেলেও তিনি ভুয়া মনে কওে ঐ প্রশ্ন দেখেননি। কিন্তু, পরীক্ষার পওে দেখা গিয়েছে রুমমেটদের অনেক প্রশ্নই কমন পড়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন পাওয়া পরীক্ষার্থীরা জানিয়েছে, তারা শিবিরের নেতাকর্মী এবং বন্ধুবান্ধবদের কাছ থেকে প্রশ্ন পেয়েছে। রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও যারা প্রশ্ন পেয়েছে তাদের অধিকাংশই শিবির নেতাকর্মী বলে জানা গেছে।
এদিকে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠন ক্যাম্পাসে প্রতিবাদ মিছিল বের করে। তারা এ ঘটনার সাথে জড়িতদের বিচার এবং পরীক্ষা বাতিলের দাবি জানায়।
এ ব্যাপারে পিএসসি’র চেয়ারম্যান অধ্যাপক জিন্নাতুননেছা তাহমিদা বেগমের সাথে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।
