রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত
রাজশাহী মহানগরীতে বৃহস্পতিবার গভীর রাতে নৈশ কোচের ধাক্কায় এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। নিহতের নাম বাহার উদ্দিন এবং বাড়ি পাবনা জেলার ভাঙ্গুরা উপজেলায়।
চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী খালেক এন্টারপ্রাইজের একটি নৈশ কোচ নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে। এ সময় পুলিশের সদস্য বাহার টহল ডিউটিতে ছিলেন।
দুর্ঘটনার পর কোচের চালক পালিয়ে যায়। পুলিশ ঘাতক কোচসহ এর সুপারভাইজার আব্দুল গাফফারকে আটক করেছে।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্ত শেষে নিহতের লাশ তার গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।
