টাঙ্গাইলে পুলিশের ক্রসফায়ারে সন্ত্রাসী নিহত
টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউনিয়নের চৌধুরী মালঞ্চ নলখোলা এলাকায় বৃহস্পতিবার গভীর রাতে পুলিশের ক্রসফায়ারে এক সন্ত্রাসী নিহত হয়েছে।
নিহত সন্ত্রাসীর নাম কসাই মজনু (৩২)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত ১২টার দিকে নলখোলা গ্রামের কোরবান আলীর বাড়ির পাশে পুলিশ সন্ত্রাসীদের গ্রেপ্তার করার জন্য পৌঁছলে মজনু ও তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়।
পুলিশও পাল্টা গুলি চালায়। এসময় উভয় পক্ষের মধ্যে প্রায় ১৫ মিনিট ধরে গুলি বিনিময়ের এক পর্যায়ে মজনু ক্রসফায়ারে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হয়।
এ সময় তার অন্যান্য সহযোগীরা পালিয়ে যায়।
পুলিশ শুক্রবার সকালে লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
পুলিশ ঘটনাস্থল থেকে একটি রিভলবার দুই রাউণ্ড গুলি ও গুলির খোসা উদ্ধার করেছে।
পুলিশ জানায়, মজনুর বিরুদ্ধে হত্যা, অস্ত্র, ডাকাতি, বোমাবাজি ও চাঁদাবাজিসহ ১৫টি মামলা রয়েছে।
